এই খবরটি পডকাস্টে শুনুনঃ
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” স্লোগানকে ধারণ করে রাজধানীর কাকরাইল মোড়ে অবস্থিত মিনার্ভা হসপিটাল লিমিটেড বিশ্ব ফ্যাটি লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে।
প্রতি বছর এই দিবসকে ঘিরে বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছে মিনার্ভা হসপিটাল।
বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে র্যালির মাধ্যমে বিশ্ব ফ্যাটি লিভার দিবস-২০২৬ এর অনুষ্ঠানমালা উদ্বোধন করেন দেশের স্বনামধন্য ও প্রথিতযশা লিভার, গ্যাস্ট্রোএন্টারোলজি ও মেডিসিন বিশেষজ্ঞ কনসালটেন্ট সহকারী অধ্যাপক ডা. এম সাঈদুল হক।
র্যালিটি হসপিটালের সামনে (কাকরাইল মোড়) থেকে সেগুনবাগিচা মোড় প্রদক্ষিণ করে পুনরায় হসপিটালের সামনে এসে শেষ হয়। এসময় ফ্যাটি লিভার দিবসের বিভিন্ন জনসচেতনতামূলক প্ল্যাকার্ড, ব্যানার হাতে নিয়ে হসপিটালের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীগণকে র্যালিতে অংশ নিতে দেখা যায়।
র্যালি শেষে হসপিটালের কনফারেন্স রুমে “সুস্থ লিভার সুন্দর জীবন” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় “ইন্টারেক্টিভ ডিসকাসন” সেশন পরিচালনা করেন, লিভার, গ্যাস্ট্রোএন্টারোলজি ও মেডিসিন বিশেষজ্ঞ কনসালটেন্ট সহকারী অধ্যাপক ডা. এম সাঈদুল হক।
সেশনে ডা. এম. সাঈদুল হক বলেন, প্রতি বছর পৃথিবীজুড়ে প্রায় ২০ লক্ষ মানুষের লিভার রোগে মৃত্যু হয়। ১৫০ কোটি মানুষ দীর্ঘস্থায়ী লিভার রোগে ভুগছে। তবে তিনি জানান, নীতিমালা ও জীবনধারা পরিবর্তনের মাধ্যমে লিভার রোগের ৯০% প্রতিরোধযোগ্য।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” গঠনে ডাঃ এম সাঈদুল হক চারটি গুরুত্বপূর্ণ অভ্যাসের প্রতি বিশেষ গুরুত্বারোপ করেন। যেমন: সুষম খাদ্যগ্রহণ, কায়িক পরিশ্রম, অ্যালকোহল বর্জন এবং নিয়মিত লিভার পরীক্ষা করা।
তিনি উল্লেখ করেন, একটি সুস্থ লিভার প্রথম ধাপে ফ্যাটিলিভারে (চর্বিযুক্ত লিভার) পরিণত হয়। ধারাবাহিকভাবে পরবর্তীতে ফাইব্রোসি, সিরোসিস এবং শেষ ধাপ তথা লিভার ক্যান্সারে পরিণত হয়। তবে বর্তমানে দেশে লিভার সিরোসিস পর্যায় পর্যন্ত সঠিক চিকিৎসায় ও নিবিড় পরিচর্যায় সহজে নিরাময়যোগ্য বলে গণ্য করা হয়।
বিশ্ব ফ্যাটি লিভার দিবস ২০২৬ উদযাপন অনুষ্ঠানে দেশের স্বনামধন্য কনসালটেন্টদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. এ. কে. এম আমিনুল হক (ডায়বেটিক ও এন্ডোক্রাইনোলজি), ডা. এসএম শিহাব উদ্দিন (নিউরোলজি), ডা. একরামুল হক জুয়েল (সার্জারি), ডা. তন্বী সাহা (শিশু রোগ), ডা. ফারহানুল জান্নাত (গাইনী এন্ড অবস), ডা. মাসুদুর রহমান (গ্যাস্ট্রো-এন্ট্রোলোজি)।
মিনার্ভা হসপিাটাল লি. কর্তৃক বিশ্ব ফ্যাটি লিভার দিবস-২০২৬ উদযাপন অনুষ্ঠানমালার সার্বিক বিষয় তত্ত্বাবধান করেন হসপিাটলের এজিএম আহসান হাবীব রিংকু ও নাজমুল হুদা (ম্যানেজার, বিজনেস ডেভেলপমেন্ট)।
উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন হেড অব কর্পোরেট এন্ড পেরিফরাল মার্কেটিং মো. আমিনুল ইসলাম এবং হসপিটালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।





