আগে ব্যাটিং করে অস্ট্রেলিয়ার সামনে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার পর বোলিংয়ের শুরুটাও দুর্দান্ত হলো বাংলাদেশের। ইনিংসের প্রথম দুই ওভারেই দুই উইকেট তুলে নিয়ে অস্ট্রেলিয়াকে চেপে ধরেছেন টাইগাররা।
মঙ্গলবার (৯ জুন) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে বোলিং করতে নেমে প্রথম বলেই উইকেট পেয়েছে বাংলাদেশ।
তাসকিন আহমেদের করা ইনিংসের প্রথম ডেলিভারিতে সরাসরি বোল্ড হয়েছেন ম্যাথু শর্ট। পরের ওভারের দ্বিতীয় বলে মার্নাস লাবুশানকে ফেরান মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজের ভেতরে ঢোকা এক ডেলিভারি প্যাডে আঘাত করে লাবুশনের। পরে আম্পায়ার আউট না দিলেও রিভিউ নিয়ে উইকেট পেয়েছে বাংলাদেশ।
খানিক বাদে অরেকটা উইকেটও পেতে পারত স্বাগতিকরা। মোস্তাফিজের বলে স্লিপে ক্যাচ উঠে। কিন্তু সহজ ক্যাচ নিতে পারেননি তানজিদ হাসান তামিম।
এর আগে টস হেরে আগে ব্যাটিং করতে নেমে ২৮৪ রান তুলেছে বাংলাদেশ। সর্বোচ্চ ৮৬ রান করেছেন চার বছর পর দলে ফেরা মোসাদ্দেক হোসেন সৈকত। ৬৭ রান করেছেন নাজমুল হোসেন শান্ত। ৫৪ রান করেন তানজিদ হাসান তামিম।





