
ঢাকা, ২৩ মে – বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ২০২৬ সালের পরিচালনা পর্ষদ নির্বাচনের লক্ষ্যে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তিনটি ভিন্ন ক্যাটাগরিতে মোট ৩৩টি মনোনয়নপত্র জমা পড়লেও যাচাই বাছাই শেষে একজনের প্রার্থিতা বাতিল করা হয়েছে।
ক্যাটাগরি ১ এ আঞ্চলিক ও জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি হিসেবে ঢাকা বিভাগ থেকে সাঈদ বিন জামান ও জামালপুর জেলা ক্রীড়া সংস্থার এস এম আব্দুল্লাহ আল ফুয়াদের মনোনয়নপত্র বৈধ হয়েছে। তবে গোপালগঞ্জ ক্রীড়া সংস্থা থেকে কাউন্সিলর মনোনয়ন পাওয়া জসিমউদ্দিন খসরুর প্রার্থিতা বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
সিলেট বিভাগ থেকে একমাত্র প্রার্থী হিসেবে রয়েছেন আব্দুল কাইয়ুম চৌধুরী।
চট্টগ্রাম বিভাগে লড়াই করছেন মিনহাজুল আবেদীন নান্নু, মঈন উদ্দিন চৌধুরী ও ফেনীর শরীফুল ইসলাম তপু।
খুলনা বিভাগে মো. শফিকুল আলম, যশোরের শান্তনু ইসলাম এবং চুয়াডাঙ্গার মো. আব্দুস সালাম বৈধ প্রার্থী হিসেবে তালিকায় রয়েছেন।
বরিশাল বিভাগ থেকে বৈধ হয়েছেন মো. মিজানুর রহমান ও জেলা ক্রীড়া সংস্থার মুনতাসির আলম চৌধুরী।
এছাড়া রাজশাহী বিভাগে মীর শাকরুল আলম সীমান্ত এবং রংপুর বিভাগে মির্জা ফয়সাল আমিন প্রার্থী হয়েছেন।
বিশেষ সংস্থা ও সাবেক ক্রিকেটার ক্যাটাগরিতে একক প্রার্থী থাকায় বেশ কয়েকজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে রয়েছেন। এদের মধ্যে রয়েছেন সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার আব্দুল কাইয়ুম চৌধুরী, বগুড়ার মীর শাকরুল আলম সীমান্ত, ঠাকুরগাঁওয়ের মির্জা ফয়সল আমীন এবং ঢাকার সাইদ বিন জামান ও এস এম আব্দুল্লাহ আল ফুয়াদ।
অন্যদিকে ক্লাব ক্যাটাগরিতে ১২টি পদের বিপরীতে ১৮ জন কাউন্সিলর লড়াই করবেন। এই তালিকায় অন্যতম হলেন তামিম ইকবাল, ফাহিম সিনহা, সাইদ ইব্রাহিম আহমেদ, ইশরাফিল খসরু, রফিকুল ইসলাম বাবু, মির্জা ইয়াসির আব্বাস এবং মোহাম্মদ আমজাদ হোসেন।
নির্বাচনের পরবর্তী সময়সূচি অনুযায়ী, ২৪ মে বাছাইকৃত তালিকার ওপর আপত্তি গ্রহণ ও শুনানি অনুষ্ঠিত হবে। ২৫ মে দুপুর ২টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ থাকবে এবং ওই দিনই চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।
এনএন/ ২৩ মে ২০২৬







