ফোর্বসের তালিকায় আবারও বিশ্বের সর্বোচ্চ আয়কারী অ্যাথলেট ক্রিস্টিয়ানো রোনালদো – DesheBideshe

ফোর্বসের তালিকায় আবারও বিশ্বের সর্বোচ্চ আয়কারী অ্যাথলেট ক্রিস্টিয়ানো রোনালদো – DesheBideshe


ফোর্বসের তালিকায় আবারও বিশ্বের সর্বোচ্চ আয়কারী অ্যাথলেট ক্রিস্টিয়ানো রোনালদো – DesheBideshe

ওয়াশিংটন, ২৩ মে – যুক্তরাষ্ট্রের প্রখ্যাত ব্যবসা-বাণিজ্য সাময়িকী ফোর্বসের ২০২৬ সালের সর্বোচ্চ আয়কারী অ্যাথলেটের তালিকায় আবারও শীর্ষে উঠে এসেছেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। এই নিয়ে টানা চতুর্থবারের মতো এবং সব মিলিয়ে ষষ্ঠবার এই অনন্য গৌরব অর্জন করলেন তিনি।

রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস এবং ম্যানচেস্টার ইউনাইটেডের মতো শীর্ষ ক্লাবগুলো হয়ে মাঠ মাতানোর পর বর্তমানে তিনি সৌদি প্রো লিগের ক্লাব আল নাসরের হয়ে খেলছেন। ক্লাব বদলালেও বিশ্বজুড়ে তাঁর বাণিজ্যিক চাহিদা এবং আয়ের পরিমাণ যে কমেনি, ফোর্বসের এই পরিসংখ্যানই তার প্রমাণ।

ফোর্বসের প্রতিবেদন অনুযায়ী, গত ১২ মাসে কর এবং এজেন্ট ফি বাদে রোনালদোর মোট আয় দাঁড়িয়েছে প্রায় ৩০ কোটি মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এই অর্থের পরিমাণ প্রায় ৩ হাজার ৬৮৩ কোটি টাকা। আয়ের একটি বড় অংশ এসেছে আল নাসরের সাথে তাঁর বিশাল চুক্তি থেকে, যার পরিমাণ প্রায় ২৩ কোটি ৫০ লাখ ডলার।

বাকি ৬ কোটি ৫০ লাখ ডলার তিনি আয় করেছেন বিজ্ঞাপন, বাণিজ্যিক লাইসেন্সিং, স্মারক বিক্রি এবং বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ থেকে। এই অভাবনীয় আয়ের মাধ্যমে রোনালদো কিংবদন্তি বাস্কেটবল তারকা মাইকেল জর্ডানের পাশে জায়গা করে নিয়েছেন, যিনি নিজেও ছয়বার এই তালিকার শীর্ষে ছিলেন।

এখন তাঁর সামনে আছেন কেবল গলফ কিংবদন্তি টাইগার উডস, যিনি রেকর্ড ১১ বার আয়ের শীর্ষে থাকার কৃতিত্ব অর্জন করেছেন। এ ছাড়া রোনালদো কিংবদন্তি বক্সার ফ্লয়েড মেওয়েদার জুনিয়রের ২০১৫ সালের সর্বোচ্চ আয়ের রেকর্ডও স্পর্শ করেছেন।

১৯৯০ সাল থেকে ফোর্বস এই তালিকা প্রকাশ শুরু করার পর এক বছরে এটিই যৌথভাবে সর্বোচ্চ আয়ের রেকর্ড। এবারের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন মেক্সিকান বক্সার ক্যানেলো আলভারেজ, যার গত বছরের আয় ছিল প্রায় ১৭ কোটি ডলার। তালিকার তৃতীয় স্থানে রয়েছেন আর্জেন্টাইন ফুটবল মহাতারকা লিওনেল মেসি।

বর্তমানে ইন্টার মায়ামির হয়ে খেলা এই তারকার মোট আয়ের পরিমাণ প্রায় ১৪ কোটি ডলার। ফোর্বস জানিয়েছে, শীর্ষ ১০ অ্যাথলেট সম্মিলিতভাবে প্রায় ১৪০ কোটি ডলার আয় করেছেন, যা ২০১৬ সালের তুলনায় দ্বিগুণেরও বেশি।

প্রতিবেদন অনুযায়ী, গত কয়েক বছর ধরে বিশ্বের শীর্ষ ৫০ জন অ্যাথলেটের সম্মিলিত আয়ের পরিমাণ ধারাবাহিকভাবে বাড়লেও এবার প্রবৃদ্ধিতে কিছুটা ধীরগতি লক্ষ্য করা গেছে। গত ১২ মাসে শীর্ষ ৫০ অ্যাথলেটের মোট আয় হয়েছে আনুমানিক ৪১০ কোটি ডলার, যা আগের বছরের তুলনায় প্রায় ৩ শতাংশ কম।

এই আয়ের সিংহভাগ এসেছে মাঠের পারিশ্রমিক, বোনাস ও প্রাইজমানি থেকে। এবারের তালিকায় বিশ্বের ১৮টি দেশের এবং আটটি ভিন্ন ক্রীড়া মাধ্যমের অ্যাথলেটরা স্থান পেয়েছেন। সবচেয়ে বেশি প্রতিনিধিত্ব লক্ষ্য করা গেছে বাস্কেটবল থেকে। ফুটবলারদের মধ্যে শীর্ষ দশে রোনালদো এবং মেসির পাশাপাশি জায়গা করে নিয়েছেন আল হিলালের হয়ে খেলা করিম বেনজেমা।

এস এম/ ২৩ মে ২০২৬



Scroll to Top