বাংলাদেশের পেসারদের প্রশংসায় পঞ্চমুখ ওয়াসিম আকরাম – DesheBideshe

বাংলাদেশের পেসারদের প্রশংসায় পঞ্চমুখ ওয়াসিম আকরাম – DesheBideshe


বাংলাদেশের পেসারদের প্রশংসায় পঞ্চমুখ ওয়াসিম আকরাম – DesheBideshe

ইসলামাবাদ, ২০ মে – পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে বাংলাদেশের ঐতিহাসিক জয়ের প্রধান কারিগর ছিলেন পেসাররা। বিশেষ করে তরুণ পেসার নাহিদ রানার গতির ঝড়ে কুপোকাত হয়েছে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ। ঢাকা ও সিলেট টেস্টের বিভিন্ন পর্যায়ে তাসকিন আহমেদ এবং শরিফুল ইসলামদের নিয়ন্ত্রিত বোলিংও বড় ভূমিকা পালন করেছে।

এক সময়ের পেস বোলিংয়ের শক্তিশালী দেশ পাকিস্তান এখন বাংলাদেশের পেসারদের দাপটে হোয়াইটওয়াশ হওয়ার তিক্ত স্বাদ গ্রহণ করেছে।

শান মাসুদের নেতৃত্বাধীন পাকিস্তান দলের এমন ব্যাটিং বিপর্যয় দেখে তীব্র হতাশা প্রকাশ করেছেন কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম। তবে বাংলাদেশের পেসারদের অভাবনীয় উন্নতি দেখে তাদের অভিনন্দন জানাতে ভোলেননি তিনি। বিশেষ করে নাহিদ রানার প্রতিভায় মুগ্ধ হয়েছেন এই তারকা।

পাকিস্তানের পরাজয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক প্রতিক্রিয়ায় আকরাম জানান যে বাংলাদেশের কাছে তার দেশের টানা হার হতাশাজনক। তবে বিজয়ী দলকে পুরো কৃতিত্ব দিয়ে তিনি বলেন তারা পরিপূর্ণ ক্রিকেট খেলে জয় ছিনিয়ে নিয়েছে।

তিনি আরও উল্লেখ করেন যে এক সময় বাংলাদেশ কেবল ধীরগতির ও স্পিন সহায়ক উইকেট তৈরি করত কিন্তু বর্তমানে তারা স্পোর্টিং টেস্ট উইকেট বানাচ্ছে। এই পরিবর্তনের ফলে দেশটিতে দক্ষ পেসার তৈরি হচ্ছে যারা গতিতে পাকিস্তানকে ছাড়িয়ে গেছে।

নাহিদ রানার বোলিং উপভোগ্য উল্লেখ করে আকরাম বলেন বাংলাদেশ এখন ক্রিকেটের এই ফরম্যাটে সেরাদের সঙ্গে লড়াই করার জন্য পুরোপুরি প্রস্তুত।

এনএন/ ২০ মে ২০২৬



Scroll to Top