গাম্বা ওসাকার কাছে হেরে শিরোপাবঞ্চিত রোনালদোর আল নাসর – DesheBideshe

গাম্বা ওসাকার কাছে হেরে শিরোপাবঞ্চিত রোনালদোর আল নাসর – DesheBideshe


গাম্বা ওসাকার কাছে হেরে শিরোপাবঞ্চিত রোনালদোর আল নাসর – DesheBideshe

রিয়াদ, ১৭ মে – সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দেওয়ার পর থেকেই একটি বড় শিরোপার অপেক্ষায় প্রহর গুনছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে সেই অপেক্ষার অবসান হলো না এশিয়ান চ্যাম্পিয়নস লিগ ২ এর ফাইনালে। ঘরের মাঠে আধিপত্য বিস্তার করে খেলেও জাপানি ক্লাব গাম্বা ওসাকার কাছে ১-০ ব্যবধানে হেরে শিরোপা হাতছাড়া করেছে আল নাসর।

রিয়াদের আলাওল পার্কে শনিবার রাতে অনুষ্ঠিত এই ম্যাচে আল নাসরকে স্তব্ধ করে দেয় গাম্বা ওসাকা। ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেললেও গোলের দেখা পেতে খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি। ২৯ মিনিটে ম্যাচের একমাত্র এবং জয়সূচক গোলটি করেন ডেনিজ হুম্মেট। রিওতারো মেশিনো, তোকুমা সুজুকি এবং ইসাম জেবালির চমৎকার সমন্বয়ে বল পান হুম্মেট।

ডি বক্সের ভেতরে ফাঁকায় থাকা হুম্মেট অত্যন্ত ঠান্ডা মাথায় বল জালে পাঠিয়ে জাপানি ক্লাবটিকে এগিয়ে নেন। পিছিয়ে পড়ার পর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে আল নাসর। তবে গাম্বা ওসাকার গোলরক্ষক আরাকির অসাধারণ দৃঢ়তায় তারা বারবার ব্যর্থ হয়। পুরো ম্যাচে রোনালদোকে নিজের ছায়া হয়ে থাকতে দেখা গেছে। প্রথমার্ধের শেষ দিকে একটি সুযোগ পেলেও তার হেডটি পোস্টের সামান্য দূর দিয়ে চলে যায়।

এছাড়া সাদিও মানে ও জোয়াও ফেলিক্স সমতা ফেরানোর চেষ্টা করেও সফল হননি। ফেলিক্সের একটি শট গোলপোস্টে লেগে ফিরে আসে এবং মানের একটি শট সাইড নেটে আঘাত হানে। শেষ দিকে আইমান ইয়াহিয়া সুযোগ পেলেও লক্ষ্যভেদ করতে ব্যর্থ হন। ফলে এক গোলের লিড ধরে রেখেই শিরোপা উৎসব করে গাম্বা ওসাকা।

এর আগে ২০০৮ সালে এএফসি চ্যাম্পিয়নস লিগ জিতেছিল তারা। এবার প্রথম জাপানি ক্লাব হিসেবে এএফসি চ্যাম্পিয়নস লিগ ২ জেতার রেকর্ড গড়ল দলটি। এই পরাজয়ে রোনালদোর ট্রফিহীন যাত্রার দৈর্ঘ্য আরও বাড়ল। তবে সৌদি প্রো লিগে এখনো আল নাসরের শিরোপা জয়ের সম্ভাবনা টিকে রয়েছে।

লিগ টেবিলের শীর্ষে থাকা দলটি যদি তাদের ছন্দ বজায় রাখতে পারে এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী আল হিলাল পয়েন্ট হারায় তবে এশিয়ার মাটিতে প্রথম বড় শিরোপার স্বাদ পেতে পারেন রোনালদো।

এস এম/ ১৭ মে ২০২৬



Scroll to Top