
বেইজিং, ১৬ মে – দীর্ঘ আলোচনার পর ২০২৬ ফুটবল বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব বিক্রি সম্পন্ন করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। উত্তর আমেরিকায় ফুটবল উৎসব শুরু হওয়ার মাত্র কিছুদিন আগে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম চীন মিডিয়া গ্রুপ বা সিএমজির সাথে এই চুক্তি চূড়ান্ত হয়েছে।
তবে এই স্বত্ব বিক্রি থেকে কাঙ্ক্ষিত আয়ের লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি ফিফা। চীনের বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ফিফা প্রথমে এই সম্প্রচার স্বত্বের জন্য ৩০ কোটি মার্কিন ডলার দাবি করেছিল। তবে শেষ পর্যন্ত মাত্র ৬ কোটি মার্কিন ডলারে চুক্তিটি সম্পন্ন করতে হয়েছে।
এই মেগা টুর্নামেন্টে চীনের জাতীয় ফুটবল দল কোয়ালিফাই করতে না পারা এবং সময়ের বিশাল ব্যবধান এই দর পতনের প্রধান কারণ বলে মনে করা হচ্ছে। সিএমজির সাথে হওয়া এই দীর্ঘমেয়াদি চুক্তিটি ২০৩১ সাল পর্যন্ত কার্যকর থাকবে। এর আওতায় ২০২৬ ও ২০৩০ সালের পুরুষ বিশ্বকাপ এবং ২০২৭ ও ২০৩১ সালের নারী বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পাবে চীন।
উল্লেখ্য যে,
- উত্তর আমেরিকার সাথে চীনের সময়ের ব্যবধান সর্বোচ্চ ১৫ ঘণ্টা হওয়ায় অধিকাংশ গুরুত্বপূর্ণ ম্যাচ মাঝরাতে বা ভোরের আগে অনুষ্ঠিত হবে।
- এতে বিজ্ঞাপন ও দর্শকপ্রিয়তা কম হওয়ার আশঙ্কায় ফিফাকে দাম কমাতে হয়েছে।
- যদিও সম্প্রচার স্বত্ব থেকে আয় কম হয়েছে তবে চীনা প্রতিষ্ঠানগুলোর স্পন্সরশিপ থেকে বড় অঙ্কের বিনিয়োগ পাচ্ছে ফিফা।
- বৈশ্বিক এই টুর্নামেন্টের শীর্ষ স্পন্সরদের তালিকায় রয়েছে লেনোভো মেংনিউ এবং হাইসেন্সের মতো চীনা প্রতিষ্ঠান।
ফিফা আশা করছে ২০২৬ সালের আসর থেকে তাদের মোট আয় ১১ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। এদিকে দক্ষিণ এশিয়ার বড় বাজার ভারতের সম্প্রচার স্বত্ব এখনো নিশ্চিত করতে পারেনি ফিফা।
এস এম/ ১৬ মে ২০২৬







