পবিত্র ঈদুল আজহা সামনে রেখে দোকান, বিপণিবিতান খোলা রাখার সময় বাড়াল সরকার। আজ মঙ্গলবার (১২ মে) থেকে রাতে ৩ ঘণ্টা বাড়তি সময় খোলা রাখা যাবে। এতে সন্ধ্যা ৭টার পরিবর্তে ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে দোকান–বিপণিবিতান।
তবে কোনো আলোকসজ্জা ও অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার করা যাবে না।
আজ রাত সোয়া ৯টায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে সময় বাড়ানোর কথা বলা হয়েছে।
এতে বলা হয়, শপিং মল, মার্কেট ও দোকানসমূহ সন্ধ্যা ৭টার পরিবর্তে রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এটি কার্যকর করতে সব বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের নির্দেশনা জারির ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।
৪ মে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রীর কাছে সময় বাড়ানোর আবেদন করেছিল দোকান মালিক সমিতি। আসন্ন ঈদুল আজহার আগপর্যন্ত দোকানপাট ও বিপণিবিতান সন্ধ্যা ৭টার পরিবর্তে রাত ১১টা পর্যন্ত খোলা রাখার দাবি জানিয়েছিলেন তারা।






