
ঢাকা, ১২ মে – পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টে অনন্য এক কীর্তি গড়ার অপেক্ষায় ছিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রথম ইনিংসে ১০১ রানের দুর্দান্ত ইনিংস খেলার পর দ্বিতীয় ইনিংসেও তিনি সেঞ্চুরির খুব কাছে পৌঁছে গিয়েছিলেন। তবে মাত্র ১৩ রানের আক্ষেপ নিয়ে ৮৭ রানে তাকে মাঠ ছাড়তে হয়। এর ফলে টেস্ট ক্রিকেটের ইতিহাসে বিরল এক বিশ্বরেকর্ড ছোঁয়া হলো না তার।
পাকিস্তানকে চ্যালেঞ্জিং লক্ষ্য দেওয়ার পথে শান্ত দ্বিতীয় ইনিংসেও দলের হাল ধরেছিলেন। তবে বাঁহাতি স্পিনার নোমান আলির বলে রিভার্স সুইপ করতে গিয়ে তিনি এলবিডব্লিউর ফাঁদে পড়েন। রিভিউ নিয়েও নিজের উইকেট বাঁচাতে পারেননি তিনি। ১৫০ বল খেলে ৮৭ রানে শান্ত বিদায় নিলে বড় রেকর্ডের স্বপ্ন ভঙ্গ হয়। টেস্ট ক্রিকেটে এর আগে দুইবার ম্যাচে দুই ইনিংসেই সেঞ্চুরি করার গৌরব অর্জন করেছিলেন শান্ত।
২০২৩ সালে মিরপুরেই আফগানিস্তানের বিপক্ষে তিনি ১৪৬ ও ১২৪ রান করেন। পরবর্তীতে শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টেও তিনি ১৪৮ ও ১২৫ রানের জোড়া ইনিংস খেলেন। পাকিস্তানের বিপক্ষে এই ম্যাচেও সেঞ্চুরি পেলে তিনি বিশ্বের চতুর্থ ব্যাটার হিসেবে তিনটি টেস্ট ম্যাচে জোড়া সেঞ্চুরি করার নজির গড়তেন। বর্তমানে এই রেকর্ডটি কেবল সুনীল গাভাস্কার, রিকি পন্টিং এবং ডেভিড ওয়ার্নারের দখলে রয়েছে।
নাজমুল হোসেন শান্তর আউটের পর বাংলাদেশের দ্বিতীয় ইনিংস বেশিক্ষণ স্থায়ী হয়নি। টাইগাররা ৯ উইকেটে ২৪০ রান তুলে ইনিংস ঘোষণা করে। মুমিনুল হক ৫৬ রানের লড়াকু ইনিংস খেলেন। প্রথম ইনিংসের ২৭ রানের লিডসহ পাকিস্তানের সামনে জয়ের জন্য ২৬৮ রানের লক্ষ্য নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ। পাকিস্তানের পক্ষে হাসান আলি ও নোমান আলি ৩টি করে উইকেট শিকার করেন।
এস এম/ ১২ মে ২০২৬







