হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ এইচএমএস ড্রাগন মোতায়েন করছে যুক্তরাজ্য – DesheBideshe

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ এইচএমএস ড্রাগন মোতায়েন করছে যুক্তরাজ্য – DesheBideshe


হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ এইচএমএস ড্রাগন মোতায়েন করছে যুক্তরাজ্য – DesheBideshe

লন্ডন, ১১ মে – হরমুজ প্রণালি ঘিরে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই মধ্যপ্রাচ্যে নিজেদের শক্তিশালী যুদ্ধজাহাজ এইচএমএস ড্রাগন মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য। বর্তমানে সাইপ্রাসের নিকটবর্তী ভূমধ্যসাগরে অবস্থানরত এই টাইপ ৪৫ ডেস্ট্রয়ার জাহাজটি ইতিমধ্যে মধ্যপ্রাচ্যের উদ্দেশে যাত্রা করার প্রস্তুতি শুরু করেছে।

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে যে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপদ চলাচল নিশ্চিত করতে ফ্রান্স ও যুক্তরাজ্যের যৌথ পরিকল্পনায় একটি বহুজাতিক অভিযান পরিচালনার কথা রয়েছে। মূলত সেই অভিযানের অংশ হিসেবেই এই অত্যাধুনিক রণতরি মোতায়েন করা হচ্ছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী এবং ফরাসি প্রেসিডেন্টের মধ্যকার ঐকমত্যের ভিত্তিতেই এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র গণমাধ্যমকে জানিয়েছেন যে এইচএমএস ড্রাগন মোতায়েনের মাধ্যমে আন্তর্জাতিক বিশ্বকে একটি শক্তিশালী বার্তা দেওয়া হচ্ছে। এর মাধ্যমে যুক্তরাজ্য এটি স্পষ্ট করছে যে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের মুক্ত ও নিরবচ্ছিন্ন চলাচলের অধিকার রক্ষায় তারা সর্বদা প্রস্তুত রয়েছে।

উল্লেখ্য যে ১৬৭ কিলোমিটার দীর্ঘ এই হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ একটি বাণিজ্য পথ যেখানে বিশ্বের মোট জ্বালানি চাহিদার প্রায় এক পঞ্চমাংশ পরিবাহিত হয়। সাম্প্রতিক সময়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার পাল্টাপাল্টি অবরোধের কারণে এই জলপথটি অস্থিতিশীল হয়ে পড়েছে। উদ্ভূত পরিস্থিতিতে আন্তর্জাতিক বাণিজ্য সচল রাখতেই এই সামরিক প্রস্তুতি গ্রহণ করেছে ইউরোপীয় দেশগুলো।

এস এম/ ১১ মে ২০২৬



Scroll to Top