হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, হাসপাতালে বাড়ছে ভর্তি | চ্যানেল আই অনলাইন

হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, হাসপাতালে বাড়ছে ভর্তি | চ্যানেল আই অনলাইন

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে ১ হাজার ৪৫৯ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে।

সোমবার (১১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ছয় শিশুর মধ্যে তিনজন ঢাকা বিভাগে, দুজন চট্টগ্রাম বিভাগে এবং একজন ময়মনসিংহ বিভাগে ছিল। তবে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এদের মধ্যে কারও শরীরে হাম শনাক্ত হয়নি।

এ সময়ে সারা দেশে আরও ১ হাজার ৩৪১ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে দেশে মোট ৩৫০ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম শনাক্তের পর মারা গেছে ৬৫ শিশু। সব মিলিয়ে এ সময়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪১৫ জনে।

এছাড়া ১৫ মার্চ থেকে দেশে হামের উপসর্গ দেখা দিয়েছে ৫০ হাজার ৫০০ শিশুর শরীরে। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ৩৫ হাজার ৯৮০ শিশু। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩১ হাজার ৯৯২ শিশু।

অধিদপ্তর আরও জানায়, একই সময়ে ৬ হাজার ৯৩৭ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে টিকাদান কার্যক্রম আরও জোরদার করা এবং আক্রান্ত শিশুদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করা জরুরি।

Scroll to Top