চোটের কারণে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে খেলছেন না বাবর আজম – DesheBideshe

চোটের কারণে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে খেলছেন না বাবর আজম – DesheBideshe


চোটের কারণে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে খেলছেন না বাবর আজম – DesheBideshe

ঢাকা, ৮ মে – মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশের মুখোমুখি হবে সফরকারী পাকিস্তান। তবে গুরুত্বপূর্ণ এই লড়াই শুরুর মাত্র কয়েক ঘণ্টা আগে বড় ধাক্কা খেয়েছে অতিথি দল। বাঁ-হাঁটুর চোটের কারণে এই ম্যাচে নাজমুল হোসেন শান্তদের বিপক্ষে মাঠে নামতে পারবেন না তারকা ব্যাটার বাবর আজম।

বৃহস্পতিবার রাতে পাকিস্তান ক্রিকেট দলের পক্ষ থেকে এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বর্তমানে দলের মেডিকেল প্যানেল অভিজ্ঞ এই ব্যাটারের শারীরিক অবস্থা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। এর আগে গত ৩ মে পাকিস্তান টেস্ট দলের বাকি সদস্যরা বাংলাদেশে পৌঁছালেও পাকিস্তান সুপার লিগের ফাইনাল খেলার কারণে বাবর আজম ও খুররম শাহজাদ কিছুটা দেরিতে আসেন।

সোমবার দিবাগত রাতে ঢাকায় এসে দলের সাথে যোগ দিয়েছিলেন বাবর। সদ্য সমাপ্ত পিএসএলে দুর্দান্ত ফর্মে থাকা বাবর ১১ ইনিংসে ৫৮৮ রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছিলেন। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি আগামী ১৬ মে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে।

এই সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫-২৭ চক্রের একটি গুরুত্বপূর্ণ অংশ। বর্তমানে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে রয়েছে পাকিস্তান এবং অষ্টম স্থানে অবস্থান করছে বাংলাদেশ।

এস এম/ ৮ মে ২০২৬



Scroll to Top