
ঢাকা, ৮ মে – মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টস হেরে প্রথমে ব্যাটিং করছে স্বাগতিক বাংলাদেশ। এই ম্যাচের মধ্য দিয়ে পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে এক নতুন নজির স্থাপিত হয়েছে। নিজেদের টেস্ট ইতিহাসে প্রথমবারের মতো একাদশে সাতজন বাঁহাতি ব্যাটার নিয়ে মাঠে নেমেছে পাকিস্তান।
এটি তাদের ৪৬৮তম টেস্ট ম্যাচ এবং এর আগে কখনোই একাদশে এত বিপুল সংখ্যক বাঁহাতি ক্রিকেটারকে দেখা যায়নি। পরিসংখ্যান অনুযায়ী, এর আগে ২০২১ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ক্রাইস্টচার্চ টেস্টে পাকিস্তান ছয়জন বাঁহাতি ব্যাটার নিয়ে খেলেছিল। পরবর্তীতে ২০২৫ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। তবে এবার মিরপুরে সেই রেকর্ড ভেঙে সর্বোচ্চ সাতজন বাঁহাতি ব্যাটারকে সুযোগ দেওয়া হয়েছে।
পাকিস্তানের বর্তমান একাদশে থাকা এই সাতজন ক্রিকেটার হলেন আজান আওয়াইস, ইমাম-উল-হক, শান মাসুদ, আব্দুল্লাহ ফজল, সৌদ শাকিল, শাহিন শাহ আফ্রিদি ও নোমান আলি। উল্লেখ্য যে, এই ম্যাচের মাধ্যমে আজান আওয়াইস ও আব্দুল্লাহ ফজলের অভিষেক হয়েছে।
প্রথম শ্রেণির ক্রিকেটে আজান ৩৩ ম্যাচে ২৬৭৩ রান এবং ফজল ২৫ ম্যাচে ১৮২৮ রান সংগ্রহ করেছেন। বাংলাদেশ ও পাকিস্তান এ পর্যন্ত ১৫টি টেস্টে মুখোমুখি হয়েছে যার মধ্যে পাকিস্তান ১২টি এবং বাংলাদেশ দুইটিতে জয়লাভ করেছে। বাকি একটি ম্যাচ ড্র হয়। সর্বশেষ ২০২৪ সালে পাকিস্তানের মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে ঐতিহাসিক জয় পেয়েছিল বাংলাদেশ।
এস এম/ ৮ মে ২০২৬






