
নয়া দিল্লী, ৬ মে – ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রথা ভেঙে ফের চ্যাম্পিয়ন দলের ঘরের মাঠ থেকে ফাইনাল ম্যাচ সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ২০২১ সালের চ্যাম্পিয়ন দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু হলেও আগামী ৩১ মে টুর্নামেন্টের মেগা ফাইনাল বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে না।
বুধবার বিসিসিআই প্লে অফের যে চূড়ান্ত সময়সূচি প্রকাশ করেছে, তাতে ফাইনাল আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামকে। বেঙ্গালুরু কর্তৃপক্ষ বোর্ডের প্রোটোকল ও বিভিন্ন নির্দেশিকা পালনে অক্ষমতা প্রকাশ করায় বিসিসিআই এই গুরুত্বপূর্ণ ম্যাচটি সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। উল্লেখ্য, এর আগে কলকাতা নাইট রাইডার্স শিরোপা জয়ের পরও ইডেন গার্ডেনস থেকে সরিয়ে আমদাবাদে ফাইনাল আয়োজন করা হয়েছিল।
এই নিয়ে তৃতীয়বারের মতো আইপিএল ফাইনাল আয়োজনের ইতিহাস গড়তে যাচ্ছে মোদী স্টেডিয়াম। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, শুধু ফাইনাল নয় বরং প্লে অফের কোনো ম্যাচই এবার বেঙ্গালুরুতে আয়োজন করা সম্ভব হচ্ছে না। যাতায়াত ও পরিচালনাগত জটিলতার কারণে চ্যাম্পিয়ন দলের এই বিশেষ সুবিধাটি বাতিল করেছে বোর্ড।
গত বছর বেঙ্গালুরুর শিরোপা উদযাপনের সময় চিন্নাস্বামী স্টেডিয়ামে ১১ জন সমর্থকের মৃত্যুর মর্মান্তিক ঘটনাটি এবারও নেতিবাচক প্রভাব ফেলেছে। নিরাপত্তাজনিত কারণে রয়্যাল চ্যালেঞ্জার্সের বাকি দুটি হোম ম্যাচ ইতিমধ্যে ছত্তীসগঢ়ের রায়পুরে সরিয়ে নেওয়া হয়েছে। নতুন সূচি অনুযায়ী, আগামী ২৬ মে হিমাচল প্রদেশের ধর্মশালায় অনুষ্ঠিত হবে প্রথম কোয়ালিফায়ার ম্যাচ। ২৭ মে এলিমিনেটর এবং ২৯ মে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত হবে মুল্লানপুরে। টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী শেষ ম্যাচটি ৩১ মে আমদাবাদের মাঠে গড়াবে।
এস এম/ ৬ মে ২০২৬





