বুধবার পশ্চিমবঙ্গে বাকি ১৪২ আসনের ভবিষ্যত নির্ধারণ | চ্যানেল আই অনলাইন

বুধবার পশ্চিমবঙ্গে বাকি ১৪২ আসনের ভবিষ্যত নির্ধারণ | চ্যানেল আই অনলাইন

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় তথা শেষ দফার ভোট আগামী বুধবার ২৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। এই দফায় রাজ্যের বাকি ১৪২টি আসনের ভোটগ্রহণ সম্পন্ন হবে।

সোমবার ২৭ এপ্রিল সন্ধ্যায় শেষ হয়েছে নির্বাচনী প্রচার। প্রচারের শেষ দিনে একদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর কর্মসূচি ছিল চোখে পড়ার মতো। একই দিনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহসহ শাসক ও বিরোধী শিবিরের শীর্ষ নেতারাও প্রচারে অংশ নেন।

তবে প্রথম দফার তুলনায় শেষ দফার প্রচার ততটা শান্তিপূর্ণ ছিল না। উত্তর ২৪ পরগনা, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব বর্ধমানসহ বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় উদ্বেগে রয়েছে নির্বাচন কমিশন।

এদিকে, প্রতিদ্বন্দ্বী দুই শিবিরের শীর্ষ নেতারা একে অপরকে হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, ভোটের ফল প্রকাশের দিন ৪ মে-র পর বাকি হিসাব মেটানো হবে। নির্বাচন কমিশনের লক্ষ্য, সব চ্যালেঞ্জ সত্ত্বেও শেষ দফার ভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা।

Scroll to Top