হরিয়ানার জনপ্রিয় অভিনেত্রী ও মডেল দিব্যাঙ্কা সিরোহী মাত্র ৩০ বছর বয়সে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। তার অকাল মৃত্যুতে বিনোদন জগতে শোকের ছায়া নেমে এসেছে। হাসি-খুশি ও প্রাণবন্ত অভিনয়ের মাধ্যমে অল্প সময়েই যিনি দর্শকদের মন জয় করেছিলেন, তার এমন আকস্মিক প্রস্থান মেনে নিতে পারছেন না অনুরাগীরা।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২১ এপ্রিল গাজিয়াবাদে নিজের বাড়িতে থাকা অবস্থায় হঠাৎ অসুস্থ বোধ করেন দিব্যাঙ্কা। পরিবারের সদস্যরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকরা জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।
দিব্যাঙ্কার মৃত্যুর পর তার একটি পুরনো সোশ্যাল মিডিয়া পোস্ট নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে, যা দেখে শোকস্তব্ধ ভক্তদের অনেকেরই দাবি— অভিনেত্রী কি তবে আগেই মৃত্যুর সংকেত পেয়েছিলেন? ২০২৩ সালে নিজের ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছিলেন তিনি, যেখানে নীল জ্যাকেট ও মাথায় মেরুন পাগড়ি পরা অবস্থায় তাকে দেখা যায়। সেই ছবির ক্যাপশনে তিনি লিখেছিলেন, ‘মহাদেব আমাকে আপনার সঙ্গে নিয়ে যান।’ এই পোস্টটিই এখন নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
১৯৯৬ সালে বুলন্দশহরে জন্মগ্রহণ করা দিব্যাঙ্কা মিরাটের চৌধুরী চরণসিং ইউনিভার্সিটি থেকে স্নাতক সম্পন্ন করার পর সিকিম থেকে এমবিএ করেন। পড়াশোনা শেষে ছোটবেলার স্বপ্ন পূরণে তিনি পা রাখেন বিনোদন জগতে। টিকটক ভিডিওর মাধ্যমে প্রথম নজরে আসা দিব্যাঙ্কা একটি পাঞ্জাবি গানের ভিডিও ভাইরাল হওয়ার পর আর পেছনে ফিরে তাকাননি। স্বল্প সময়ের ক্যারিয়ারে তিনি মাসুম শর্মা, কেডি এবং অমিত সাইনি রোহতকিয়ার মতো শিল্পীদের সঙ্গে ৫০টিরও বেশি মিউজিক ভিডিওতে কাজ করে নিজস্ব পরিচিতি তৈরি করেছিলেন।





