তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস শেন।
রোববার (২৬ এপ্রিল) দুপুরে সাক্ষাতে পারস্পরিক সম্পর্ক জোরদার এবং দুই দেশের গণমাধ্যম, সংস্কৃতি ও জ্ঞানভিত্তিক সহযোগিতা বৃদ্ধি নিয়ে আলোচনা হয়।
সাক্ষাতের শুরুতে তুরস্কের রাষ্ট্রদূত তথ্যমন্ত্রীকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান।
তথ্যমন্ত্রী মার্চে স্ট্র্যাটেজিক কমিউনিকেশন সামিটে অংশগ্রহণের জন্য তুরস্ক সফরের কথা উল্লেখ করেন এবং চমৎকার এ আয়োজনের জন্য তুরস্ক সরকারকে ধন্যবাদ জানান।
তিনি বলেন, ‘স্ট্র্যাটেজিক কমিউনিকেশন সামিটের আয়োজন অত্যন্ত সময়োপযোগী উদ্যোগ। তথ্যমন্ত্রী বলেন, বর্তমান প্রযুক্তির বিশ্বে ডিজিটাল প্লাটফরমকে একটি নিয়ম-নীতি ও শৃঙ্খলার মধ্যে আনা জরুরি। তবে তা একক কোনো দেশের পক্ষে সম্ভব না, এ ক্ষেত্রে সব দেশকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।’
তুরস্কের রাষ্ট্রদূত তুরস্কের রাষ্ট্রীয় টেলিভিশন ও রেডিওর সঙ্গে বাংলাদেশ টেলিভিশন ও বেতারের মধ্যে সহযোগিতা বৃদ্ধি সংক্রান্ত প্রস্তাবের কপি তথ্যমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।
এ সময় তথ্যমন্ত্রী সরকারি পর্যায়ে দুই দেশের সংবাদমাধ্যমগুলোর মধ্যে যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
তুরস্ক সফরের সময় তথ্যমন্ত্রীর সঙ্গে তুরস্কের প্রেসিডেনশিয়াল কমিউনিকেশন ডিরেক্টরেটের পরিচালক (মন্ত্রীর পদমর্যাদা) প্রফেসর বুরহানউদ্দীন দুরানের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে আধুনিক তথ্যব্যবস্থাপনা সংক্রান্ত জ্ঞান বিনিময় এবং তথ্য আদান-প্রদানের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের নীতিগত সিদ্ধান্ত হয়।






