
ওয়াশিংটন, ২৪ এপ্রিল – ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক আলোচনায় অংশ নিতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে প্রতিনিধি পাঠাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসেবে এই বৈঠকে যোগ দেবেন ট্রাম্পের দুই বিশেষ দূত স্টিভ উইটকোফ এবং জার্ড ক্রুসনার।
শুক্রবার ২৪ এপ্রিল দেশটির সরকারের সংশ্লিষ্ট দুটি সূত্র আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএনকে এই তথ্য নিশ্চিত করেছে।
এর আগের আলোচনায় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স উপস্থিত থাকলেও এবারের সফরে তিনি থাকছেন না।
জানা গেছে, ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের ঘালিবাফ ইসলামাবাদে উপস্থিত না হওয়ায় ভ্যান্সের সফর বাতিল করা হয়েছে। হোয়াইট হাউজ মূলত বাঘের ঘালিবাফকেই তেহরানের পক্ষ থেকে প্রধান আলোচক হিসেবে বিবেচনা করছে। তবে ইসলামাবাদের আলোচনা ইতিবাচক মোড় নিলে পরবর্তী পর্যায়ে জেডি ভ্যান্সকে পাঠানোর সম্ভাবনা রয়েছে এবং তিনি এজন্য প্রস্তুত রয়েছেন।
গত প্রায় তিন মাস আগে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে এই বিশেষ আলোচনা শুরু হয়। তবে ফেব্রুয়ারি মাসে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার ঘটনায় সংলাপ সাময়িকভাবে থমকে গিয়েছিল। ওই ঘটনার পর উভয় পক্ষের মধ্যে তীব্র সংঘাত শুরু হয়।
দীর্ঘ ৪০ দিনের যুদ্ধের পর গত ৮ এপ্রিল থেকে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই দেশ। ২২ এপ্রিল এই সময়সীমা শেষ হওয়ার কথা থাকলেও ডোনাল্ড ট্রাম্প অনির্দিষ্টকালের জন্য যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়ে দিয়েছেন।
মার্কিন প্রতিনিধি জার্ড ক্রুসনার ও স্টিভ উইটকোফ শুরু থেকেই ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি স্থগিত করার জন্য চাপ দিয়ে আসছেন। যদিও এখন পর্যন্ত এই বিষয়ে চূড়ান্ত কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি।
এনএন/ ২৪ এপ্রিল ২০২৬






