বাংলাদেশ ও নিউজিল্যান্ড দলের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচের টিকিটের মূল্য ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ২৩ এপ্রিল চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজ নির্ধারণী ম্যাচটি।
বিসিবি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, পূর্ব গ্যালারির টিকিটের দাম সর্বনিম্ন ২০০ টাকা। পশ্চিম গ্যালারিতে খেলা দেখতে খরচ হবে ৩০০ টাকা। শহীদ আবু সাঈদ ও শহীদ শ্রাবণ স্ট্যান্ডে বসতে হলে গুনতে হবে ৬০০ টাকা করে।
গ্র্যান্ড স্ট্যান্ডের পূর্ব ও পশ্চিম অংশের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ২৫০০ টাকা। একই দামে পাওয়া যাবে স্টেডিয়ামের ছাদে অবস্থিত প্যাভিলিয়ন এন্ডের টিকিটও।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটা জিতেছিল নিউজিল্যান্ড, দ্বিতীয়টিতে বড় জয় পেয়েছে বাংলাদেশ। অর্থাৎ চট্টগ্রামে হতে যাওয়া সিরিজের তৃতীয় ম্যাচটা সিরিজ নির্ধারণ করবে। ওয়ানডে সিরিজ শেষে কিউইদের বিপক্ষে তিন ম্যাচের একটা টি-টোয়েন্টিও খেলবে বাংলাদেশ। সেই সিরিজের প্রথম দুই ম্যাচও হবে চট্টগ্রামে।




