
চট্টগ্রাম, ২১ এপ্রিল – বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রামে। আগামী বৃহস্পতিবার বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে বেলা ১১টায় দুই দল মুখোমুখি হবে। এই ম্যাচকে কেন্দ্র করে টিকিটের মূল্য তালিকা ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রকাশিত তালিকা অনুযায়ী, দর্শকদের জন্য সর্বনিম্ন টিকিটের দাম ২০০ টাকা এবং সর্বোচ্চ ২৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
মাঠের পূর্ব গ্যালারির টিকিটের মূল্য ২০০ টাকা এবং পশ্চিম গ্যালারির দাম ৩০০ টাকা ধরা হয়েছে। এছাড়া শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ও শহীদ শ্রাবণ স্ট্যান্ডের টিকিট পাওয়া যাবে ৬০০ টাকায়। গ্র্যান্ড স্ট্যান্ডের পূর্ব ও পশ্চিম অংশের টিকিটের দাম রাখা হয়েছে ২৫০০ টাকা।
একই মূল্যে স্টেডিয়ামের ছাদে অবস্থিত পূর্ব ও পশ্চিম প্যাভিলিয়ন এন্ডের টিকিটও সংগ্রহ করা যাবে। বর্তমানে ওয়ানডে সিরিজে ১-১ সমতা বিরাজ করছে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ড ২৬ রানে জয়লাভ করেছিল। তবে দ্বিতীয় ম্যাচে ৬ উইকেটে জয় পেয়ে সিরিজে দারুণভাবে ফিরে আসে বাংলাদেশ। ওয়ানডে সিরিজ শেষ হওয়ার পর দল দুটি তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রতিদ্বন্দ্বিতা করবে।
এস এম/ ২১ এপ্রিল ২০২৬







