ব্যয় কমানোর লক্ষ্যে বড় ধরনের পুনর্গঠনের অংশ হিসেবে প্রায় ২ হাজার কর্মী ছাঁটাই করতে যাচ্ছে ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন (বিবিসি)।
আগামী তিন বছরে মোট খরচ ১০ শতাংশ কমানোর পরিকল্পনার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) এক ভার্চুয়াল বৈঠকে কর্মীদের এ বিষয়ে অবহিত করা হয়েছে বলে জানা গেছে। প্রায় ১৫ বছরের মধ্যে এটিই বিবিসির সবচেয়ে বড় কর্মীসংখ্যা কমানোর উদ্যোগ।
এই পরিবর্তনের সময়েই সাবেক গুগল নির্বাহী ম্যাট ব্রিটিন আগামী মাসে সংস্থাটির মহাপরিচালকের দায়িত্ব নিতে যাচ্ছেন।
পুনর্গঠনের অংশ হিসেবে জাতীয় গুরুত্বপূর্ণ অনুষ্ঠান যেমন রাজকীয় অনুষ্ঠান বা রাষ্ট্রীয় শেষকৃত্য কভার করার জন্য থাকা বড় টিমও সংকুচিত করে মাত্র একজন কর্মী রাখা হবে, যিনি ফ্রিল্যান্সারদের সহায়তায় কাজ পরিচালনা করবেন।
বিবিসি জানিয়েছে, গত তিন বছরে তারা ৫০ কোটি পাউন্ডের বেশি সাশ্রয় করতে সক্ষম হয়েছে, যার একটি বড় অংশ পুনরায় কনটেন্ট তৈরিতে বিনিয়োগ করা হয়েছে।
বিশ্লেষকদের মতে, ডিজিটাল রূপান্তর ও আর্থিক চাপের প্রেক্ষাপটে বিশ্বজুড়ে গণমাধ্যমগুলো যেভাবে পুনর্গঠনের পথে হাঁটছে, বিবিসির এই সিদ্ধান্তও সেই ধারারই অংশ।





