
ফ্লোরিডা, ১৫ এপ্রিল – ব্যক্তিগত কারণ দেখিয়ে লিওনেল মেসিদের কোচিং করানো ইন্টার মিয়ামির প্রধান কোচ হাভিয়ের মাচেরানো পদত্যাগ করেছেন। মঙ্গলবার এক আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বর্তমান এমএলএস কাপ চ্যাম্পিয়নরা।
ক্লাব জানিয়েছে, সাময়িকভাবে স্পোর্টিং ডিরেক্টর গুইলার্মো হোয়োস দলের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে চিফ সকার অফিসার আলবার্তো মারেরো স্পোর্টিং ডিরেক্টরের দায়িত্ব নেবেন।
এক বিবৃতিতে মাচেরানো বলেন, ব্যক্তিগত কারণে তিনি ইন্টার মিয়ামির প্রধান কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তিনি ক্লাব, স্টাফ এবং বিশেষ করে খেলোয়াড়দের ধন্যবাদ জানান, তাদের কারণেই তারা অসাধারণ কিছু মুহূর্ত উপভোগ করতে পেরেছেন বলেও উল্লেখ করেন।
২০২৫ মৌসুমের আগে কোচ হিসেবে দায়িত্ব নেওয়া মাচেরানো তার প্রথম ক্লাব কোচিং ক্যারিয়ারেই দলকে এমএলএস কাপ জেতান। এর আগে তিনি আর্জেন্টিনার যুব জাতীয় দলগুলোর কোচ ছিলেন।
খেলোয়াড় হিসেবে তিনি লিওনেল মেসির সঙ্গে বার্সেলোনায় সতীর্থ ছিলেন। এছাড়া জর্দি আলবা এবং সার্জিও বুসকেটসের সঙ্গেও তিনি খেলেছেন।
বর্তমানে ইস্টার্ন কনফারেন্সে ১২ পয়েন্ট নিয়ে ইন্টার মিয়ামি তৃতীয় স্থানে আছে (৩ জয়, ১ হার, ৩ ড্র)। সম্প্রতি তারা কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের শেষ ষোল থেকে বিদায় নিয়েছে।
সব প্রতিযোগিতা মিলিয়ে মাচেরানো ৬৭ ম্যাচে ৩৮ জয়, ১৪ হার ও ১৫ ড্রয়ের রেকর্ড রেখে ক্লাব ছাড়লেন।
এনএন/ ১৫ এপ্রিল ২০২৬






