একটি স্বাধীন দেশের সভ্য সমাজে প্রকাশ্যে হত্যা ও থানার সামনে নাগরিক অধিকার ক্ষুণ্ন করে মারধরের ঘটনার পরও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয়তার ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে গণতান্ত্রিক অধিকার কমিটি। একই সঙ্গে দেশে ভিন্নমত, ধর্মীয় ও লৈঙ্গিক বৈচিত্র্যের মানুষের ওপর সহিংসতা বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়াসহ ছয় দফা দাবি জানিয়েছে সংগঠনটি।
আজ রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানানো হয়। গণতান্ত্রিক অধিকার কমিটির পক্ষে অধ্যাপক আনু মুহাম্মদ, আকরাম খান ও অমল ত্রিপুরা এ দাবি জানান।
বিবৃতিতে বলা হয়, শনিবার কুষ্টিয়ার দৌলতপুরে পরিকল্পিত মব–সন্ত্রাসের মাধ্যমে পীরের মাজার ভাঙচুর ও সাধক শামীম রেজা ওরফে জাহাঙ্গীরের হত্যাকাণ্ড এবং আগের দিন রাজধানীর শাহবাগে ট্রান্সজেন্ডার ও সমকামী আখ্যা দিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষকসহ নাগরিকদের ওপর মব হামলার নিন্দা জানাচ্ছে গণতান্ত্রিক অধিকার কমিটি।




