বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের টিকিটের দাম প্রকাশ, সর্বনিম্ন ২০০ টাকায় খেলা দেখার সুযোগ – DesheBideshe

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের টিকিটের দাম প্রকাশ, সর্বনিম্ন ২০০ টাকায় খেলা দেখার সুযোগ – DesheBideshe


বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের টিকিটের দাম প্রকাশ, সর্বনিম্ন ২০০ টাকায় খেলা দেখার সুযোগ – DesheBideshe

ঢাকা, ১১ এপ্রিল – দ্বিপক্ষীয় সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। এই সফরে কিউইরা তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। আগামী ১৭ এপ্রিল থেকে এই রোমাঞ্চকর লড়াই শুরু হতে যাচ্ছে। সিরিজকে সামনে রেখে টিকিটের মূল্য এবং বিস্তারিত তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবি। অনলাইনে টিকিট কাটার সুবিধা থাকায় এবার মাত্র ২০০ টাকা খরচ করেই গ্যালারিতে বসে খেলা দেখার সুযোগ পাবেন দর্শকরা। বিসিবি জানিয়েছে, শনিবার সন্ধ্যা ৬টা থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু হবে।

দর্শকরা বিসিবির নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে খুব সহজেই নিজেদের পছন্দমতো ম্যাচ ও গ্যালারির আসন বেছে নিয়ে টিকিট সংগ্রহ করতে পারবেন। এই প্রক্রিয়ায় টিকিট কেনা দর্শকদের জন্য আরও স্বচ্ছ ও সুবিধাজনক হবে বলে আশা প্রকাশ করেছে বোর্ড। আন্তর্জাতিক এই ক্রিকেট সিরিজকে কেন্দ্র করে ঢাকা ও চট্টগ্রাম দুই ভেন্যুতেই বিভিন্ন ক্যাটাগরির টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে। ঢাকায় শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচগুলোর জন্য গ্র্যান্ডস্ট্যান্ডের ওপর ও নিচের অংশের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৫০০ টাকা।

আন্তর্জাতিক গ্যালারির উত্তর ও দক্ষিণ ব্লকের আসন পাওয়া যাবে ১ হাজার ৫০০ টাকায়। ক্লাব হাউসের উত্তর ও দক্ষিণ স্ট্যান্ডের টিকিটের দাম রাখা হয়েছে ৬০০ টাকা। সাধারণ দর্শকদের জন্য শহিদ আবু সাঈদ স্ট্যান্ড ও উত্তর গ্যালারির টিকিটের মূল্য ৪০০ টাকা এবং পূর্ব গ্যালারির টিকিট পাওয়া যাবে ২০০ টাকায়। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহিদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামেও একই কাঠামোতে টিকিট বিক্রি করা হবে। সেখানে গ্র্যান্ডস্ট্যান্ড ও ছাদ অংশের টিকিটের দাম রাখা হয়েছে ২ হাজার ৫০০ টাকা।

শহিদ শ্রাবণ স্ট্যান্ড ও শহিদ আবু সাঈদ স্ট্যান্ডের টিকিট ৬০০ টাকায় পাওয়া যাবে। পশ্চিম গ্যালারির টিকিট ৩০০ টাকা এবং পূর্ব গ্যালারির টিকিট ২০০ টাকায় নির্ধারণ করা হয়েছে। আগামী ১৭ এপ্রিল মিরপুরে প্রথম ওয়ানডের মধ্য দিয়ে শুরু হবে মাঠের লড়াই। সিরিজের ওয়ানডে ম্যাচগুলো শুরু হবে সকাল ১১টায়। এরপর আগামী ২৭ এপ্রিল থেকে চট্টগ্রামে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ, যার ম্যাচগুলো মাঠে গড়াবে বিকেল ৩টা থেকে।

২ মে ঢাকায় তৃতীয় ও শেষ ম্যাচ দিয়ে সফরের পর্দা নামবে। প্রথম দুই ওয়ানডের জন্য বাংলাদেশ স্কোয়াডের নেতৃত্ব দেবেন মেহেদী হাসান মিরাজ এবং সহ-অধিনায়কের দায়িত্বে থাকবেন নাজমুল হোসেন শান্ত। এছাড়া নিউজিল্যান্ডের ওয়ানডে ও টি-টোয়েন্টি উভয় স্কোয়াডেই নেতৃত্ব দেবেন টম ল্যাথাম।

এস এম/ ১১ এপ্রিল ২০২৬



Scroll to Top