ঢাকা: ক্রিকেটার নাসির হোসেনের সঙ্গে নিজের বিয়ে বৈধ বলে আদালতে দাবি করেছেন তামিমা সুলতানা তাম্মি। প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদের আগে নাসিরকে বিয়ে করার অভিযোগও তিনি পুরোপুরি অস্বীকার করেন।
বুধবার (৮ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে তামিমার জেরা সম্পন্ন হয়।
জেরার সময় তামিমা বলেন, নাসির হোসেনের সঙ্গে আমার বিয়ে সম্পূর্ণ বৈধ এবং তার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন।
বাদীপক্ষের আইনজীবী ইসরাত হোসেন বলেন, আজ আমরা পর্যাপ্ত তথ্য-প্রমাণ উপস্থাপন করেছি। আশা করি আদালত ন্যায়বিচার করবেন। এই মামলার রায়ের মাধ্যমে স্পষ্ট হবে, অবৈধ কোনো অপরাধকে ছাড় দেওয়া হবে না।
মামলার যুক্তিতর্ক শোনার পরবর্তী দিন নির্ধারিত হয়েছে ৬ মে, এরপর রায় ঘোষণার দিকে এগোবে।
মামলার সূত্রে জানা যায়, তামিমার প্রথম স্বামী রাকিব হাসান ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি মামলা দায়ের করেন, অভিযোগ ছিল তামিমা তার প্রথম স্বামীকে তালাক না দিয়ে নাসিরের সঙ্গে বিয়ে করেছেন। পুলিশের তদন্ত প্রতিবেদন পিবিআই ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর দাখিল করে।
২০২২ সালের ৭ ফেব্রুয়ারি আদালত নাসির ও তামিমার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। অভিযোগে বলা হয়, ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি রাজধানীর উত্তরা এলাকায় একটি রেস্তোরাঁয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
আইন অনুযায়ী, মামলায় অভিযোগ প্রমাণিত হলে নাসির ও তামিমা ৫ থেকে ৭ বছরের কারাদণ্ড ভোগ করতে পারেন।



