
ঢাকা, ৭ এপ্রিল – বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবি সাকিব আল হাসানকে আবারও জাতীয় দলে ফেরানোর উদ্যোগ নিয়েছে। জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর তার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো প্রত্যাহার বা জামিনের ব্যবস্থা করে তাকে মাঠে ফেরানোর চেষ্টা চলছে।
এরই মধ্যে একটি জাতীয় দৈনিকে সাকিবের সাক্ষাৎকার প্রকাশিত হয়। সেখানে তিনি জানান, তার দল রাজনীতিতে ফিরলে তিনিও ফিরবেন। ২০২৪ সালের নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
সাকিবের এই মন্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। তাকে দলে ফেরানোর প্রক্রিয়ার মধ্যে এমন মন্তব্য বিতর্কের জন্ম দেয়। এই পরিস্থিতিতে সোমবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে অবস্থান পরিষ্কার করেছেন এই অলরাউন্ডার।
সাকিব জানিয়েছেন, বর্তমানে তার পুরো মনোযোগ কেবল ক্রিকেটে। ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসে তিনি বাংলাদেশ জাতীয় দলের হয়ে নিজেকে উজাড় করে দিতে চান এবং দেশকে আরও কিছু ভালো পারফরম্যান্স উপহার দেওয়ার অপেক্ষায় আছেন।
পোস্টের পরের অংশে তিনি খেলা শেষে দেশের উন্নয়নে অবদান রাখার ইচ্ছার কথা জানান। তিনি উল্লেখ করেন, দেশের জন্য কাজ করতে রাজনীতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে রাজনীতি ছাড়াও দেশের জন্য কাজ করা সম্ভব বলে তিনি মনে করেন। যদিও রাজনীতির মাধ্যমে এই কাজগুলো করা অনেক সহজ হয় বলে তার মত।
সবশেষে লাল সবুজ জার্সি গায়ে হাসিমুখে ক্রিকেট ক্যারিয়ার শেষ করার আশাবাদ ব্যক্ত করে দেশবাসীর কাছে দোয়া ও ভালোবাসা চেয়েছেন সাকিব।
এনএন/ ৭ এপ্রিল ২০২৬




