বিসিবি নির্বাচন নিয়ে তদন্ত প্রতিবেদন এনএসসিতে জমা

বিসিবি নির্বাচন নিয়ে তদন্ত প্রতিবেদন এনএসসিতে জমা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্যদের সর্বশেষ নির্বাচন ঘিরে ওঠা অনিয়ম ও অস্বচ্ছতার অভিযোগ তদন্ত করে প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত কমিটি। রোববার জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)-তে পাঁচ সদস্যের এই তদন্ত কমিটি আনুষ্ঠানিকভাবে প্রতিবেদন হস্তান্তর করে।

তদন্ত কমিটির প্রধান সাবেক বিচারপতি এ কে এম আসাদুজ্জামান সাংবাদিকদের জানান, তারা তদন্তের ভিত্তিতে বিসিবির গঠনতন্ত্র সংশোধন এবং ভবিষ্যতে নির্বাচন আরও স্বচ্ছ ও সুষ্ঠুভাবে আয়োজনের জন্য কিছু সুপারিশ দিয়েছেন।

এ কে এম আসাদুজ্জামান সাংবাদিকদের তিনি বলেন, ‘আমরা যাঁদের সম্পৃক্ততা পেয়েছিলাম, তাঁদেরকে জিজ্ঞাসাবাদের জন্য চেষ্টা করেছি। তাঁদেরকে জিজ্ঞাসাবাদ করে যা পেয়েছি, সেভাবে সুন্দরভাবে (প্রতিবেদন দেওয়ার) চেষ্টা করেছি। সংক্ষিপ্তভাবে কাউকে অভিযুক্ত না করে নিরপেক্ষভাবে নির্বাচনের সময় যা পেয়েছি, সে সম্বন্ধে প্রতিবেদন দিয়েছি।’

ভবিষ্যত নির্বাচন যাতে সুষ্ঠ হয় সে বিষয়ে কিছু পরামর্শ দেওয়া হয়েছে প্রতিবেদনে। আসাদুজ্জামান বলেন, ‘আমরা চেষ্টা করেছিলাম একটা সুপারিশ দেওয়ার জন্য যে (ভবিষ্যতে) নির্বাচনটা সুন্দর করার জন্য বা এই বোর্ডসংক্রান্ত আর কোনো সুপারিশ করা যায় কি না, এই সম্পর্কে আমরা কিছু গাইডলাইন দেওয়ার চেষ্টা করেছি।’

গত বছরের অক্টোবর মাসে বিসিবি নির্বাচনের সময় জেলা ও বিভাগীয় কাউন্সিলর মনোনয়ন এবং ক্লাব ক্যাটাগরির ভোটে অনিয়মের অভিযোগ ওঠে। সেই সময় একটি পক্ষ নির্বাচন থেকে সরে দাঁড়ায় এবং নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলে। অভিযোগের তীর ছিল তৎকালীন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার দিকে।

তদন্ত কমিটি তাকে ডাকলেও তিনি সাড়া দেননি। অন্যদিকে, সেই সময়কার নির্বাচন কমিশন এবং বর্তমান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল লিখিতভাবে তাদের বক্তব্য তদন্ত কমিটির কাছে উপস্থাপন করেছেন বলে জানা গেছে।

উল্লেখ্য, গত ১১ মার্চ জাতীয় ক্রীড়া পরিষদ বিসিবি নির্বাচনে অনিয়ম তদন্তে এই কমিটি গঠন করে। তাদের ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যেই প্রতিবেদন জমা দেওয়া হলো। এখন জাতীয় ক্রীড়া পরিষদ এই প্রতিবেদনের প্রেক্ষিতে কী সিদ্ধান্ত নেয় সেটাই দেখার।

Scroll to Top