অনলাইনে ক্লাস শিশুদের মেধার অপমৃত্যু ঘটাবে: জামায়াত আমির – DesheBideshe

অনলাইনে ক্লাস শিশুদের মেধার অপমৃত্যু ঘটাবে: জামায়াত আমির – DesheBideshe

ঢাকা, ৩ এপ্রিল – শিশুদের অনলাইনে ক্লাস নেওয়ার ব্যবস্থা করা হলে তাদের মেধার অপমৃত্যু ঘটবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার ঢাকা জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে দক্ষিণ কেরানীগঞ্জের নাফিস কনভেনশন সেন্টারে আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, বর্তমান সময়ে এমনিতেই শিশুরা বিভিন্ন ধরনের ডিভাইসে আসক্ত হয়ে পড়েছে। স্কুল থেকে বিরত রেখে তাদের হাতে ডিভাইস তুলে দেওয়া হলে মেধার বিকাশ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হবে। স্কুলে গেলে শিশুরা সঙ্গ পায় এবং শিক্ষকদের নজরে থাকে। কিন্তু ঘরে বসে ক্লাস করার ক্ষেত্রে শিশুদের নিয়ন্ত্রণ করা কঠিন। তারা ক্লাস চালু রেখে খেলতে চলে যেতে পারে, যা তদারকি করার কেউ থাকে না।

সমাবেশে জ্বালানি সংকট নিয়েও কথা বলেন তিনি।

তিনি অভিযোগ করেন, বিশ্বব্যাপী চলমান এই সংকটের কথা সরকার সংসদে স্বীকার করতে চায় না। বরং উদ্বৃত্ত তেলের ওপর বাংলাদেশ ভাসছে বলে দাবি করা হয়, যা অত্যন্ত লজ্জাজনক।

বাস্তব চিত্র তুলে ধরে তিনি বলেন, মোটরসাইকেল চালকসহ সাধারণ মানুষকে পেট্রোল পাম্পের সামনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। তীব্র তেলের সংকটে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ও জীবিকা ব্যাহত হচ্ছে।

কালোবাজারে জ্বালানি বিক্রির সমালোচনা করে তিনি বলেন, পাম্পে তেল না থাকলেও বিভিন্ন স্থানে মজুত করে ১২০ টাকার তেল ৩০০ টাকায় বিক্রি করা হচ্ছে। জ্বালানির ওপর দেশের শিল্প কারখানা ও পরিবহন ব্যবস্থা পুরোপুরি নির্ভরশীল। তাই এই সংকট নিরসনে সরকারকে লুকোচুরি ও অস্পষ্টতা পরিহার করে সবার সঙ্গে বসে বাস্তবসম্মত সমাধানের পথ খোঁজার আহ্বান জানান ডা. শফিকুর রহমান।

এনএন/ ৩ এপ্রিল ২০২৬



Scroll to Top