আমেরিকাতেই বিশ্বকাপ খেলবে ইরান, নিশ্চিত করলেন ফিফা প্রেসিডেন্ট – DesheBideshe

আমেরিকাতেই বিশ্বকাপ খেলবে ইরান, নিশ্চিত করলেন ফিফা প্রেসিডেন্ট – DesheBideshe

আমেরিকাতেই বিশ্বকাপ খেলবে ইরান, নিশ্চিত করলেন ফিফা প্রেসিডেন্ট – DesheBideshe

তেহরান, ৩১ মার্চ – ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান ভূরাজনৈতিক ও কূটনৈতিক উত্তেজনার মাঝেও ২০২৬ ফুটবল বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিশ্চিত করেছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো।

তুরস্কে ইরান এবং কোস্টারিকার মধ্যকার একটি প্রীতি ম্যাচ চলাকালে তিনি এই ঘোষণা দেন।

সম্প্রতি গুঞ্জন তৈরি হয়েছিল যে, নিরাপত্তার কারণ দেখিয়ে ইরান বিশ্বকাপ থেকে নিজেদের প্রত্যাহার করে নিতে পারে। এর আগে নিজেদের ম্যাচগুলো যুক্তরাষ্ট্র থেকে সরিয়ে মেক্সিকোতে আয়োজনের আবেদনও করেছিল দেশটি।

সেই সময় ইনফান্তিনো স্পষ্টভাবে জানিয়েছিলেন যে ফিফার কাছে কোনো বিকল্প পরিকল্পনা নেই। তবে এবার সব শঙ্কা উড়িয়ে দিয়ে তিনি নিশ্চিত করলেন যে ইরান বিশ্বকাপে অংশ নেবে।

জিয়ান্নি ইনফান্তিনো বলেন, ইরান বিশ্বকাপে থাকবে এবং পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আমেরিকাতেই তারা নিজেদের ম্যাচগুলো খেলবে। ফুটবলের শক্তির মাধ্যমে সকল বাধা দূর করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ফিফা প্রেসিডেন্ট আরও জানান যে তিনি ব্যক্তিগতভাবে মার্কিন প্রশাসনের সাথে আলোচনা করেছেন। হোয়াইট হাউস থেকে নিশ্চয়তা দেওয়া হয়েছে যে, ইরানি প্রতিনিধি দল এবং ফুটবলারদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে কোনো ধরনের বাধা থাকবে না। একইসাথে তাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে।

উল্লেখ্য, কিছুদিন আগে ইরানের ক্রীড়ামন্ত্রী রাজনৈতিক কারণে বিশ্বকাপে অংশ না নেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। তবে ফিফা প্রেসিডেন্টের সরাসরি হস্তক্ষেপ এবং খেলোয়াড় ও কোচদের সাথে আলোচনার পর পরিস্থিতি বর্তমানে ইতিবাচক দিকে মোড় নিয়েছে।

এনএন/ ৩১ মার্চ ২০২৬



Scroll to Top