দেশের হয়ে মাঠে নামার পর থেকেই তিনি বাংলাদেশ দলের সবচেয়ে বড় তারকা। যেকোনো ম্যাচের আগে তাই হামজা চৌধুরীকে নিয়েই প্রতিপক্ষের মুখ থেকে সবচেয়ে বেশি কথা শোনা যায়। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগেও তার ব্যতিক্রম হলো না। বাংলাদেশ-সিঙ্গাপুর প্রীতি ম্যাচের আগে সিঙ্গাপুর কোচ গেভিন লি বলছেন, হামজাই তাদের জয়ের পথে সবচেয়ে বড় বাঁধা।
এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে নিজেদের শেষ ম্যাচে সিঙ্গাপুরের জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার মুখোমুখি হবে দুই দল। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি।
সিঙ্গাপুর কোচ গেভিনের মতে, তাদের লক্ষ্যপূরণের পথটা কঠিন করে তুলতে পারেন হামজা, ‘“প্রথমত আমি ছেলেদের কথা ভাবি এবং আমি মনে করি, তারা আগামীকাল কিছু অর্জনের জন্য নিজেদের মেলে ধরতে মনোযোগী আছে। যদিও আমরা বাছাই পেরিয়েছি; কিন্তু আমাদের লক্ষ্য এই উইন্ডো কাজে লাগানো, এশিয়ান কাপের প্রস্তুতি নেওয়া।’
গেভিন আরও বলেন, ‘আমি মনে করি না, হামজাকে নিয়ে বেশি কিছু বলার প্রয়োজন আছে। আমার মনে হয়, অধিকাংশ মানুষ তাকে চিনে এবং আমার মনে হয়, ইতোমধ্যে তাকে নিয়ে অনেক কথাও হয়েছে। সে ভালো খেলোয়াড়। খুবই উঁচু স্তরে খেলে এবং নিশ্চিতভাবে সে আগামীকাল আমাদের জন্য হুমকি হবে। সম্মিলিতভাবে নিজেদের সেরাটা দিয়ে আমরা তাকে এবং বাংলাদেশকে থামানোর চেষ্টা করব।’
চলতি বাছাইয়ে তিন জয়ের তিনটিই সিঙ্গাপুর পেয়েছে প্রতিপক্ষের মাঠে। পাঁচ ম্যাচের অজেয়যাত্রায় দুটি ড্র তারা করেছে ঘরের মাঠে। বাছাইয়ে প্রতিপক্ষের মাঠে বাংলাদেশও হারেনি; ভারত ও হংকংয়ের বিপক্ষে ড্র করেছে কাবরেরার দল।
সিঙ্গাপুর কোচ গেভিন অবশ্য পরিসংখ্যানের চেয়ে মাঠের লড়াইয়ের দিকেই মনোযোগ বেশি দিতে আগ্রহী, ‘বাইরের বিষয়গুলো নিয়ে বেশি ভাবলে সেটা আমাদের খেলার প্রভাব ফেলতে পারে। আমাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে, এগিয়ে যাওয়া, এশিয়ান কাপের প্রস্তুতি নেওয়া। আমাদের কাজ, যে ব্র্যান্ডের ফুটবল আমরা খেলি, সেটা মেলে ধরা, যাতে সবাই উপভোগ করতে পারে। তবে আবারও বলছি, বাংলাদেশ ভালো দল। প্রতিপক্ষের জন্য তারা ভালো প্রস্তুতি নেয় এবং এটা আপনারা জানেন।’


