মুম্বাই, ২৭ মার্চ – বলিউডের বক্স অফিসে বর্তমানে রাজত্ব করছে রণবীর সিং অভিনীত স্পাই অ্যাকশন ড্রামা সিনেমা ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’। আদিত্য ধর পরিচালিত এই সিনেমাটি একের পর এক পুরোনো রেকর্ড ভেঙে বক্স অফিসে সাফল্যের নতুন ইতিহাস তৈরি করেছে। মুক্তির মাত্র সপ্তম দিনে অর্থাৎ গত বৃহস্পতিবার ৪০ কোটি রুপি আয়ের মাধ্যমে সিনেমাটির মোট সংগ্রহ দাঁড়িয়েছে ৫২৬ কোটি রুপি। এর ফলে হিন্দি সিনেমার ইতিহাসে দ্রুততম সময়ে ৫০০ কোটির ক্লাবে প্রবেশের অনন্য নজির গড়ল ‘ধুরন্ধর ২’।
যদিও এই অভাবনীয় অর্জনে সিনেমাটির আগাম প্রদর্শনীর বড় ভূমিকা ছিল বলে মনে করছেন বিশ্লেষকরা। এর আগে হিন্দি সংস্করণে দ্রুততম ৫০০ কোটি ছোঁয়ার রেকর্ডটি ছিল আল্লু অর্জুনের ‘পুষ্পা ২: দ্য রুল’ সিনেমার দখলে। সেই সিনেমাটি এই মাইলফলক স্পর্শ করতে ১১ দিন সময় নিয়েছিল। এছাড়া ২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত এই সিরিজের প্রথম কিস্তি ‘ধুরন্ধর’ ১৭ দিনে এই রেকর্ড গড়েছিল। জাওয়ান, স্ত্রী ২ কিংবা গদর ২ এর মতো ব্লকবাস্টার সিনেমাগুলোকেও এখন আয়ের দৌড়ে পেছনে ফেলে দিয়েছে রণবীরের এই নতুন সিনেমাটি।
বর্তমান ধারা বজায় থাকলে আগামী দুয়েক দিনের মধ্যেই এটি জাওয়ান এবং ছাভার জীবনকালীন আয়কে ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। বাণিজ্য বিশ্লেষকদের মতে, সিনেমাটি এখন খুব দ্রুত ৬০০ কোটি ক্লাবের দিকে এগোচ্ছে এবং আগামী রবিবারের মধ্যে এর মোট সংগ্রহ ৭০০ কোটি রুপি ছাড়িয়ে যেতে পারে। অ্যানিম্যাল কিংবা পাঠানের মতো সিনেমাগুলোকে ইতোমধ্যে টপকে যাওয়া ‘ধুরন্ধর ২’ এখন বলিউডের ইতিহাসে অন্যতম সফল স্পাই থ্রিলার হিসেবে নিজের অবস্থান শক্ত করে নিয়েছে। বক্স অফিসের এই জয়জয়কার রণবীর সিংয়ের ক্যারিয়ারে এক নতুন উচ্চতা যোগ করেছে।
এস এম/ ২৭ মার্চ ২০২৬






