উত্তরায় মাদকের ল্যাবের সন্ধান, বিপুল পরিমাণ কিটামিনসহ তিন বিদেশি গ্রেপ্তার – DesheBideshe

উত্তরায় মাদকের ল্যাবের সন্ধান, বিপুল পরিমাণ কিটামিনসহ তিন বিদেশি গ্রেপ্তার – DesheBideshe

ঢাকা, ২৫ মার্চ – রাজধানীর উত্তরার একটি আবাসিক এলাকায় আস্ত একটি মাদক প্রস্তুতকারক ল্যাবের সন্ধান পেয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বা ডিএনসি। এই গোপন ল্যাব থেকে বিপুল পরিমাণ কিটামিনসহ তিন জন বিদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার রাতে উত্তরার ১০ নম্বর সেক্টরে এই অভিযান পরিচালনা করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক মোস্তাক আহমেদ অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ১০ নম্বর সেক্টরের লাইলা গার্ডেন এলাকার একটি আবাসিক বাড়িতে অত্যন্ত গোপনে এই মাদক প্রস্তুত করা হচ্ছিল। সুনির্দিষ্ট গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে আধুনিক এই ল্যাবটির সন্ধান পাওয়া যায়।

সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, উদ্ধার হওয়া ল্যাবটি বেশ সুসংগঠিত ছিল। সেখানে কিটামিন উৎপাদনের জন্য প্রয়োজনীয় বিপুল পরিমাণ সরঞ্জাম এবং কাঁচামাল মজুত রাখা হয়েছিল। এ ছাড়া ঘটনাস্থল থেকে উল্লেখযোগ্য পরিমাণ প্রস্তুতকৃত কিটামিন জব্দ করা হয়েছে। তবে গ্রেপ্তার হওয়া তিন বিদেশি নাগরিকের নাম ও পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

ওই এলাকায় ডিএনসির অভিযান চলমান রয়েছে এবং এই মাদক চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না তা গভীরভাবে খতিয়ে দেখছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

এই অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয় ঢাকার উপপরিচালক মো. মেহেদী হাসান এবং সহকারী পরিচালক মোস্তাক আহমেদ সরাসরি উপস্থিত ছিলেন।

এনএন/ ২৫ মার্চ ২০২৬



Scroll to Top