আইপিএলের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালসের মালিকানায় পরিবর্তন এসেছে। দলটির শতভাগ মালিকানা কিনে নিয়েছে মার্কিন ব্যবসায়ী কাল সোমানির নেতৃত্বাধীন একটি কনসোর্টিয়াম। ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, প্রায় ১৬৩ কোটি ডলারের বিনিময়ে এই চুক্তি সম্পন্ন হয়েছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় ১৫ হাজার কোটি রুপিরও বেশি।
গত আইপিএল মৌসুম শেষ হওয়ার পরই দলটি বিক্রির সিদ্ধান্ত নেয় বর্তমান মালিকপক্ষ। এরপর বেশ কয়েকটি আন্তর্জাতিক বিনিয়োগকারী গোষ্ঠী রাজস্থান কিনতে আগ্রহ দেখালেও শেষ পর্যন্ত সোমানির নেতৃত্বাধীন কনসোর্টিয়ামের সঙ্গেই চুক্তি চূড়ান্ত হয়। এই কনসোর্টিয়ামে যুক্তরাষ্ট্রের আরও প্রভাবশালী ব্যবসায়ী যেমন রব ওয়ালটন এবং হ্যাম্প পরিবারের সদস্যরাও রয়েছেন।
দলটির বিক্রির প্রক্রিয়ায় এর আগে একাধিক প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল বর্তমান মালিকরা। এমনকি প্রায় ১৬ হাজার কোটি রুপির একটা প্রস্তাবও ফিরিয়ে দেওয়া হয়েছিল। এছাড়া আরেকটি পক্ষের প্রায় ১১ হাজার ৯৫৬ কোটি টাকার প্রস্তাবও গ্রহণ করা হয়নি। তবে শেষ পর্যন্ত তুলনামূলক কম মূল্যে দলটির মালিকানা হস্তান্তর করা হয়েছে।
এদিকে, আইপিএলে নতুন করে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে আমেরিকার ব্ল্যাকস্টোন প্রাইভেট ইক্যুইটি স্ট্র্যাটেজিস ফান্ড (বিএক্সপিই)। তারা সরাসরি কোনো দল কিনতে না চাইলেও রাজস্থান রয়্যালস বা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-এর অংশীদারিত্ব নিতে আগ্রহী। সম্ভাব্য এই বিনিয়োগের পরিমাণ হতে পারে প্রায় ১,৮৭৫ কোটি থেকে ২,৮০০ কোটি টাকা।




