ঢাকা, ২৩ মার্চ – বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জাতীয় দলের জন্য নতুন নির্বাচক প্যানেল ঘোষণা করেছে। এই প্যানেলে প্রধান নির্বাচকের দায়িত্ব পেয়েছেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। তিনি গাজী আশরাফ হোসেন লিপুর স্থলাভিষিক্ত হয়েছেন। প্যানেলের অন্য সদস্যরা হলেন হাসিবুল হোসেন শান্ত, নাঈম ইসলাম এবং নাদিফ চৌধুরী। এদের মধ্যে নাঈম ইসলাম ও নাদিফ চৌধুরী নতুন যুক্ত হয়েছেন। আগামী ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত এই নতুন প্যানেল দায়িত্ব পালন করবে।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি এই তথ্য নিশ্চিত করেছে।
৫৩ বছর বয়সী হাবিবুল বাশারের নির্বাচক হিসেবে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। ২০১৬ সাল থেকে ২০২৪ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত তিনি জাতীয় দলের নির্বাচকের দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি নারী দলের নির্বাচক হিসেবেও কাজ করেছেন। খেলোয়াড়ি জীবনে তিনি প্রথম বাংলাদেশি হিসেবে টেস্ট ক্রিকেটে ৩ হাজার রান করার কৃতিত্ব অর্জন করেন। পাশাপাশি তিনি ১৮টি টেস্ট ও ৬৯টি ওয়ানডে ম্যাচে বাংলাদেশ দলের নেতৃত্ব দিয়েছেন। নতুন প্যানেলে আগে থেকেই যুক্ত আছেন সাবেক পেসার হাসিবুল হোসেন। তিনি গাজী আশরাফ হোসেনের নেতৃত্বাধীন আগের প্যানেলেও কাজ করেছেন।
অন্যদিকে ৩৯ বছর বয়সী নাঈম ইসলাম তার ২০ বছরের দীর্ঘ ক্যারিয়ারে সব সংস্করণ মিলিয়ে ২০ হাজারের বেশি রান সংগ্রহ করেছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে তার ৩৪টি সেঞ্চুরি রয়েছে যা বর্তমানে জাতীয় রেকর্ড।
প্যানেলের আরেক নতুন মুখ ৩৮ বছর বয়সী নাদিফ চৌধুরীরও দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ার রয়েছে। জাতীয় দলের হয়ে টি টোয়েন্টি খেলার অভিজ্ঞতা রয়েছে তার। খেলা ছাড়ার পর তিনি বিসিবির বয়সভিত্তিক দলের নির্বাচক এবং প্রতিভা অন্বেষণ কার্যক্রমে যুক্ত ছিলেন।
এনএন/ ২৩ মার্চ ২০২৬







