পিএসএল খেলতে দেশ ছাড়লেন মুস্তাফিজ-শরিফুলসহ ৪ ক্রিকেটার – DesheBideshe

পিএসএল খেলতে দেশ ছাড়লেন মুস্তাফিজ-শরিফুলসহ ৪ ক্রিকেটার – DesheBideshe

ঢাকা, ২৩ মার্চ – আগামী ২৬ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) একাদশ আসর। এবারের আসরে অংশ নিতে বাংলাদেশের ছয়জন ক্রিকেটার দল পেয়েছেন।

সোমবার সকালে প্রথম ধাপে ফ্র্যাঞ্চাইজি লিগটিতে খেলতে দেশ ছেড়েছেন চারজন ক্রিকেটার।

তারা হলেন মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, পারভেজ হোসেন ইমন এবং নাহিদ রানা। বাকি দুই ক্রিকেটার রিশাদ হোসেন ও তানজিদ তামিম পরবর্তীতে দলের সঙ্গে যোগ দেবেন।

এবারের পিএসএলে সরাসরি চুক্তিতে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে লাহোর কালান্দার্স। পরবর্তীতে নিলাম থেকে রিশাদ হোসেন, নাহিদ রানা এবং পারভেজ হোসেন ইমন দল পান। এছাড়া প্রথমবারের মতো এই ফ্র্যাঞ্চাইজি লিগটিতে ডাক পেয়েছেন শরিফুল ইসলাম ও তানজিদ তামিম।

দলগুলোর মধ্যে পেশোয়ার জালমিতে খেলবেন নাহিদ রানা, শরিফুল এবং তানজিদ তামিম। লাহোর কালান্দার্সের হয়ে মাঠ মাতাবেন মুস্তাফিজ ও পারভেজ ইমন। অন্যদিকে রিশাদ হোসেন খেলবেন রাওয়ালপিন্ডির জার্সিতে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এই ছয় ক্রিকেটারকে আগামী ১২ এপ্রিল পর্যন্ত পিএসএল খেলার জন্য অনাপত্তিপত্র দেওয়া হয়েছে।

আসন্ন নিউজিল্যান্ড সিরিজের প্রস্তুতির জন্য নির্ধারিত সময়ের পর তাদের দেশে ফিরতে হবে। উল্লেখ্য, এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড ক্রিকেট দল।

এনএন/ ২৩ মার্চ ২০২৬



Scroll to Top