ঢাকা, ২২ মার্চ – ঈদের আনন্দকে আরও উৎসবমুখর করে তুলতে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি নতুন পর্ব নিয়ে দর্শকদের সামনে উপস্থিত হচ্ছে। প্রখ্যাত নির্মাতা হানিফ সংকেতের উপস্থাপনা ও পরিচালনায় বরাবরের মতোই এবারও থাকছে জমকালো আয়োজন ও ভিন্নধর্মী পরিবেশনা। রবিবার ২২ মার্চ রাত সাড়ে ৮টায় বাংলাদেশ টেলিভিশন ও বিটিভি ওয়ার্ল্ডে একযোগে এই বহুল প্রতীক্ষিত অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে। অনুষ্ঠানের শুরুতেই থাকছে কালজয়ী গান ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ গানের সুরে বিশেষ পরিবেশনা।
এরপর দেশের জনপ্রিয় শিল্পীদের কণ্ঠে দেশাত্মবোধক ও বৈচিত্র্যময় গান পরিবেশিত হবে। এবারের আয়োজনে অর্ধশত নৃত্যশিল্পীর অংশগ্রহণে একটি জমকালো নৃত্য পরিবেশনাও থাকছে। নিয়মিত পর্বের পাশাপাশি সমসাময়িক নানা সামাজিক বিষয়কে ব্যঙ্গ ও বিদ্রূপের মাধ্যমে তুলে ধরা হবে। গ্রামীণ জীবন, সামাজিক অসংগতি এবং বাস্তবতানির্ভর নাট্যাংশ এই পর্বের অন্যতম আকর্ষণ। এছাড়া এবারের আয়োজনে একটি বিশেষ মিউজিক্যাল ড্রামা যুক্ত হয়েছে। সব মিলিয়ে ঈদের রাতে পারিবারিক বিনোদনের একটি উল্লেখযোগ্য মাধ্যম হিসেবে ইত্যাদির এই বিশেষ পর্বটি দর্শকদের নজর কাড়বে বলে আশা করা হচ্ছে।
এস এম/ ২২ মার্চ ২০২৬







