ব্রাসিলিয়া, ২১ মার্চ – চোটের কারণে ব্রাজিলের আসন্ন প্রীতি ম্যাচগুলো থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন লিভারপুলের তারকা গোলরক্ষক অ্যালিসন বেকার।
বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। তবে অ্যালিসনের চোট ঠিক কতটা গুরুতর, সে বিষয়ে সিবিএফের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি। এই দুটি প্রীতি ম্যাচের জন্য অ্যালিসনের শূন্যস্থানে বদলি হিসেবে জাতীয় দলে ডাক পেয়েছেন করিন্থিয়ান্সের গোলরক্ষক হুগো সৌজা।
বাংলাদেশ সময় আগামী ২৬ মার্চ রাতে যুক্তরাষ্ট্রের ফক্সবরোয় অবস্থিত জিলেট স্টেডিয়ামে শক্তিশালী ফ্রান্সের মুখোমুখি হবে ব্রাজিল। এরপর ১ এপ্রিল বাংলাদেশ সময় ভোরে ফ্লোরিডার ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে দ্বিতীয় প্রীতি ম্যাচে তাদের প্রতিপক্ষ হিসেবে থাকছে ক্রোয়েশিয়া।
৩৩ বছর বয়সী অ্যালিসন বেকার চলতি মৌসুমের প্রায় পুরোটা সময় জুড়েই ফিটনেস সমস্যায় ভুগছেন। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে গালাতাসারাইয়ের বিপক্ষে লিভারপুলের হারের ম্যাচটিতেও তিনি মাঠে নামতে পারেননি।
এর আগে গত বছরের অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত ফিটনেস সমস্যার কারণে লিভারপুলের হয়ে ১২টি ম্যাচে খেলতে ব্যর্থ হয়েছিলেন এই তারকা ব্রাজিলিয়ান গোলরক্ষক।
এ এম/ ২১ মার্চ ২০২৬




