ইনজুরির কারণে মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচে নেই রোনালদো – DesheBideshe

ইনজুরির কারণে মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচে নেই রোনালদো – DesheBideshe

মেক্সিকো, ২১ মার্চ – হ্যামস্ট্রিং ইনজুরির কারণে মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে আসন্ন প্রীতি ম্যাচগুলোতে পর্তুগাল দলে থাকছেন না ক্রিশ্চিয়ানো রোনালদো।

ফেব্রুয়ারির শেষভাগ থেকে সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে মাঠে নামতে পারেননি এই অভিজ্ঞ তারকা ফুটবলার। তবে পর্তুগালের প্রধান কোচ রবার্তো মার্টিনেজ নিশ্চিত করেছেন যে রেকর্ড ষষ্ঠবারের মতো বিশ্বকাপে অংশ নেওয়ার ক্ষেত্রে রোনালদোকে নিয়ে কোনো ধরনের ঝুঁকি নেই।

এক সংবাদ সম্মেলনে তিনি জানান যে চলতি মৌসুমে রোনালদোর পারফরম্যান্স প্রমাণ করে তিনি চমৎকার ছন্দে আছেন এবং তার কোনো গুরুতর শারীরিক সমস্যা নেই। কোচ আরও জানান বিশ্বকাপে দলের সেন্টার ফরোয়ার্ড পজিশন ক্রিশ্চিয়ানো রোনালদো ও গনসালো রামোসের জন্যই নির্ধারিত থাকবে।

মূলত এই দুজনের বাইরে তৃতীয় একজন স্ট্রাইকার খুঁজছে দল। আগামী ২৮ মার্চ মেক্সিকো সিটিতে মেক্সিকোর বিপক্ষে এবং এর তিনদিন পর আটালান্টায় যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে পর্তুগাল। মার্টিনেজ জানিয়েছেন বিশ্বকাপের আগে চূড়ান্ত প্রস্তুতির লক্ষ্যে দল নিয়ে পরীক্ষা নিরীক্ষা করার এটাই শেষ সুযোগ।

আসন্ন বিশ্বকাপে গ্রুপ কে তে পর্তুগালের প্রতিপক্ষ হিসেবে রয়েছে কলম্বিয়া, উজবেকিস্তান এবং প্লে অফ বিজয়ী আরেকটি দল। এদিকে ঘোষিত পর্তুগাল স্কোয়াডে গোলরক্ষক হিসেবে ডাক পেয়েছেন দিয়েগো কস্তা, হোসে সা এবং রুই সিলভা। রক্ষণভাগে রয়েছেন মাথিয়াস নুনেস, দিয়োগো ডালোট, হুয়াও ক্যান্সেলো, নুনো মেনডেস, গনসালো ইনাসিও, রেনাটো ভেইগা, এন্টোনিও সিলভা ও টমাস আরাউজো।

মিডফিল্ডার হিসেবে রুবেন নেভেস, সামু কস্টা, মাটিয়াস ফার্নান্দেজ, হুয়া নেভেস, ভিটিনহা, ব্রুনো ফার্নান্দেস এবং রডরিগো মোরাকে দলে রাখা হয়েছে।

এছাড়া আক্রমণভাগে রিকার্ডো হর্তা, পেড্রো গনসালভেস, হুয়াও ফেলিক্স, ফ্রান্সিসকো ট্রিনকাও, ফ্রান্সিকো কনসেইকাও, রাফায়েল লিয়াও, পেড্রো নেটো, গনসালো গুয়েডেস এবং গনসালো রামোস জায়গা করে নিয়েছেন।

এ এম/ ২১ মার্চ ২০২৬



Scroll to Top