নয়াদিল্লি, ১৯ মার্চ – প্রিভিউ শোতে কিছু প্রযুক্তিগত বা অন্যান্য জটিলতা দেখা দিলেও পূর্বনির্ধারিত সময় অনুযায়ী শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আদিত্য ধর পরিচালিত নতুন স্পাই অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র ‘ধুরন্ধর : দ্য রিভেঞ্জ’। এটি গত বছরের আলোচিত ও ব্লকবাস্টার হিট সিনেমা ‘ধুরন্ধর’ এর সিক্যুয়াল।
মুক্তির প্রথম কয়েক ঘণ্টার মধ্যেই সিনেমাটি সাধারণ দর্শকের পাশাপাশি সমালোচকদের ব্যাপক প্রশংসা কুড়াতে সক্ষম হয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতেও সিনেমাটি নিয়ে ইতিবাচক আলোচনা চলছে। গত বুধবার রাতে চলচ্চিত্রটির একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। সেখানে বিনোদন জগতের জনপ্রিয় তারকারা উপস্থিত ছিলেন। সিনেমাটি দেখে মুগ্ধ হয়েছেন অনেকেই।
বিশেষ করে দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন মাইক্রোব্লগিং সাইট এক্সে পুরো টিমকে অভিনন্দন জানিয়েছেন। তিনি তার বার্তায় উল্লেখ করেন যে স্টাইলের সাথে দেশপ্রেমের এক অনন্য সংমিশ্রণ ঘটেছে এই চলচ্চিত্রে যা প্রতিটি ভারতীয়কে গর্বিত করবে। পর্দায় রণবীর সিংয়ের উপস্থিতিকে তিনি দারুণ এবং জাদুকরী বলে আখ্যায়িত করেন।
এছাড়া আর মাধবন সহ অন্যান্য সকল অভিনয়শিল্পীর কাজের ভূয়সী প্রশংসা করেন তিনি। আন্তর্জাতিক মানের এই সিনেমাটি নির্মাণের জন্য তিনি পরিচালক আদিত্য ধরকে বিশেষ ধন্যবাদ জানান। আল্লু অর্জুনের কাছ থেকে এমন ইতিবাচক প্রতিক্রিয়া পেয়ে অভিনেতা আর মাধবন আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি এর জবাবে বলেন যে ক্যারিয়ারের এই পর্যায়ে এসে সহকর্মীদের কাছ থেকে এমন মূল্যায়ন পাওয়া তার জন্য অনেক বড় একটি অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।
২০২৬ সালের প্রেক্ষাপটে নির্মিত এই সিক্যুয়ালে রণবীর সিংয়ের সাথে আরও অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, আর মাধবন, অর্জুন রামপাল এবং সারা অর্জুনের মতো জনপ্রিয় তারকারা। দেশপ্রেম এবং দুর্ধর্ষ অ্যাকশনের মিশেলে তৈরি এই স্পাই থ্রিলারটি প্রযুক্তিগত উৎকর্ষের দিক থেকেও দর্শকদের চমকে দিতে সক্ষম হয়েছে।
রণবীর সিংয়ের বহুমুখী অভিনয় প্রতিভা এবং আদিত্য ধরের সুদক্ষ পরিচালনা সব মিলিয়ে ধারণা করা হচ্ছে ‘ধুরন্ধর ২’ চলতি বছরের অন্যতম সেরা ব্যবসাসফল চলচ্চিত্র হতে যাচ্ছে।
এ এম/ ১৯ মার্চ ২০২৬







