গুয়াতেমালার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে আর্জেন্টিনার নেতৃত্বে মেসি, ২৮ সদস্যের স্কোয়াড ঘোষণা – DesheBideshe

গুয়াতেমালার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে আর্জেন্টিনার নেতৃত্বে মেসি, ২৮ সদস্যের স্কোয়াড ঘোষণা – DesheBideshe

ওয়াশিংটন, ১৯ মার্চ – বিশ্বকাপে খেলার ব্যাপারে লিওনেল মেসি এখনও পুরোপুরি নিশ্চয়তা দেননি। তবে উত্তর আমেরিকায় অনুষ্ঠেয় আগামী বিশ্বকাপের প্রস্তুতিপর্বের শেষ ম্যাচে তাঁর নেতৃত্বেই মাঠে নামবে আর্জেন্টিনা। আগামী ৩১ মার্চ ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে গুয়াতেমালার মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। এই ম্যাচকে সামনে রেখে বুধবার ২৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন প্রধান কোচ লিওনেল স্কালোনি। ম্যাচটি অনুষ্ঠিত হবে আর্জেন্টিনার বুয়েনস আইরেসের লা বোম্বোনেরা স্টেডিয়ামে। কাতারে অনুষ্ঠিত গত বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়ের প্রধান রূপকার ছিলেন মেসি। তাঁকে কেন্দ্র করেই শিরোপা ধরে রাখার স্বপ্ন বুনছে দলটি।

আগামী বিশ্বকাপের আগে দলের শেষ প্রস্তুতি ম্যাচে এই তারকা ফরোয়ার্ডের উপস্থিতি আভাস দিচ্ছে যে, তিনি আমেরিকা বিশ্বকাপেও খেলতে পারেন। ঘোষিত স্কোয়াডে মেসির সঙ্গে রয়েছেন নিয়মিত খেলোয়াড় রদ্রিগো ডি পল, ফরোয়ার্ড জুলিয়ান আলভারেস, গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস, মিডফিল্ডার এন্সো ফের্নান্দেস এবং ডিফেন্সিভ মিডফিল্ডার লেয়ান্দ্রো পারেদেস। পাশাপাশি জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন এস্তুদিয়ান্তেসের ডিফেন্ডার তমাস পালাসিওস এবং রেসিংয়ের ডিফেন্ডার গাব্রিয়েল রোহাস। গত নভেম্বরে অ্যাঙ্গোলার বিপক্ষে দলের জয়ের ম্যাচে অনুপস্থিত থাকা মার্কোস আকুনাও স্কোয়াডে ফিরেছেন।

আর্জেন্টিনার ২৮ সদস্যের দলে গোলরক্ষক হিসেবে আছেন এমিলিয়ানো মার্তিনেস, জেরোনিমো রুলি ও হুয়ান মুস্সো। ডিফেন্ডার হিসেবে ডাক পেয়েছেন নাহুয়েল মলিনা, গনসালো মনতিয়েল, ক্রিস্তিয়ান রোমেরো, লিওনার্দো বালের্দি, নিকোলাস ওতামেন্দি, মার্কোস সেনেসি, তমাস পালাসিওস, নিকোলাস তাগলিয়াফিকো, গাব্রিয়েল রোহাস ও মার্কোস আকুনা। মিডফিল্ডে আছেন লিয়ান্দ্রো পারেদেস, আলেক্সিস ম্যাকঅ্যালিস্টার, মাক্সিমো পেরোনে, রদ্রিগো ডি পল, এনসো ফের্নান্দেস, ভালেন্তিন বার্কো, এসেকিয়েল পালাসিওস, নিকো পাস এবং থিয়াগো আলমাদা। ফরোয়ার্ড লাইনে মেসির সঙ্গে রয়েছেন জুলিয়ানো সিমেওনে, জানলুকা প্রেস্তিয়ানি, নিকোলাস গন্সালেস, হোসে মানুয়েল লোপেস ও জুলিয়ান আলভারেস।

এস এম/ ১৯ মার্চ ২০২৬



Scroll to Top