অঘোষিত ফাইনালে পাকিস্তানের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ – DesheBideshe

অঘোষিত ফাইনালে পাকিস্তানের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ – DesheBideshe

ঢাকা, ১৫ মার্চ – আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে নিজেদের অবস্থান এক ধাপ এগিয়ে নেওয়া এবং সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। রবিবার অনুষ্ঠিত এই তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে টস জিতেছেন পাকিস্তানের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। টস জয়ের পর তিনি বাংলাদেশকে প্রথমে ব্যাটিং করার আমন্ত্রণ জানিয়েছেন।

প্রথম দুই ম্যাচ শেষে সিরিজে বর্তমানে ১-১ সমতা বিরাজ করছে। ফলে সিরিজের এই তৃতীয় ম্যাচটি অঘোষিত ফাইনালে পরিণত হয়েছে। গুরুত্বপূর্ণ এই ম্যাচে বাংলাদেশ দলে কোনো পরিবর্তন আনা হয়নি।

তানভির ইসলাম, শরিফুল ইসলাম, সৌম‍্য সরকার এবং মাহিদুল ইসলাম অঙ্কন আগের মতো একাদশের বাইরেই থাকছেন। অন্যদিকে টানা দুই ম্যাচে প্রত্যাশিত পারফরম্যান্স করতে না পারলেও দলে জায়গা ধরে রেখেছেন সাইফ হাসান। পাকিস্তান দলে অবশ্য তিনটি পরিবর্তন এসেছে।

চোটের কারণে এই ম্যাচে খেলতে পারছেন না হুসাইন তালাত। তার বদলিসহ মোট তিনটি পরিবর্তন নিয়ে একাদশ সাজিয়েছে পাকিস্তান। উইকেটকিপার ও ব্যাটার মুহাম্মদ গাজি ঘোরি এবং লেগ স্পিনিং অলরাউন্ডার সাদ মাসুদের আজ অভিষেক হচ্ছে। এছাড়া প্রথম ম্যাচের পর পুনরায় একাদশে ফিরেছেন লেগ স্পিনার আবরার আহমেদ।

বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ এবং নাহিদ রানা।

পাকিস্তান একাদশ: শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), আব্দুল সামাদ, হারিস রউফ, ফাহিম আশরাফ, মুহাম্মদ গাজি ঘোরি, মাজ সাদাকাত, মোহাম্মাদ রিজওয়ান, আবরার আহমেদ, সাহিবজাদা ফারহান, সালমান আলি আগা এবং সাদ মাসুদ।

এ এম/ ১৫ মার্চ ২০২৬



Scroll to Top