দুই বছরে চার শিরোপা—রোহিত বলছেন ‘এটা কেবল শুরু’

দুই বছরে চার শিরোপা—রোহিত বলছেন ‘এটা কেবল শুরু’

ভারতের অবিশ্বাস্য সাফল্যের যাত্রা শুরু তার হাত ধরেই। ২০২৪ সালে রোহিত শর্মার নেতৃত্বে টি-২০ বিশ্বকাপের শিরোপা জেতে ভারত। এরপর গত দুই বছরে ভারত জিতেছে আরও ৩টি শিরোপা। ২ বছরে ৪ আইসিসি শিরোপা, রোহিত বলছেন, ভারতের সাফল্যযাত্রার এটা কেবলই শুরু।

২০২৩ ওয়ানডে বিশ্বকাপে দেশের মাঠে অসাধারণ খেলেও ফাইনালে হেরে যায় ভারত। হৃদয় ভাঙা সেই হারের যন্ত্রণাকে পেছনে ফেলে রোহিতের নেতৃত্বেই ২০২৪ টি-২০ বিশ্বকাপ জিতে নেয় তারা। গত বছর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও চ্যাম্পিয়ন হয় রোহিতের ভারত।

গত বছরের শেষভাগে দেশের মাঠে অসাধারণ নৈপুণ্যে নারী ওয়ানডে বিশ্বকাপে স্বপ্নের শিরোপার স্বাদ পায় ভারত। এরপর কদিন আগে সূর্যকুমারের দল ধরে রাখে টি-২০ বিশ্ব আসরের ট্রফি, জেতে রেকর্ড ৩য় শিরোপা।

সাম্প্রতিক বছরগুলোয় ভারতীয় ক্রিকেটের সাফল্য রোহিতকে করেছে উচ্ছ্বসিত। তার আশা, এই পথ ধরেই আরও অনেক অর্জনে সমৃদ্ধ হবে তার দেশ, ‘গত কয়েক বছর ধরে আমরা যে সাফল্য পাচ্ছি, তাতে আমি খুবই আনন্দিত এবং গর্বিত। শুধু ছেলেদের দলই নয়, নারী দলও বিশ্বকাপ জয় করেছে, তা দেখতে পারা ছিল অসাধারণ। সম্প্রতি ছেলেদের দল টি-২০ বিশ্বকাপ জিতেছে। তারা যা করেছে, তা অসাধারণ। আমি আশা করি এটা কেবলই শুরু, এখান থেকে আর পিছনে ফিরে তাকানোর প্রয়োজন নেই, কারণ একবার মোমেন্টাম পেলে…আমরা প্রায়শই ক্রিকেটে মোমেন্টাম সম্পর্কে বলে থাকি, পুরুষ এবং মহিলা উভয় দলেরই থাকে, আশা করি আমরা এই মোমেন্টাম বয়ে নিয়ে যাব।’

রোহিত বললেন, অনেক ঘাম ঝরিয়ে এবং অনেক লোকের অবদানেই এসব সাফল্য ধরা দিয়েছে, ‘সাফল্যের কোনও গোপন রহস্য নেই, এটি সম্পূর্ণ নির্ভর করে কঠোর পরিশ্রমের ওপর। আন্তর্জাতিক ক্রিকেটাররা – ছেলে এবং মেয়ে- তারা যা অর্জন করেছেন, সেটির জন্য তারা সত্যিই কঠোর পরিশ্রম করেছেন। অবশ্যই কেবল খেলোয়াড়রা মাঠে পারফর্ম করেন না, পর্দার আড়ালেও অনেক লোক আছেন, যারা এই সাফল্যের জন্য অনেক পরিশ্রম করেছেন। তাই অনেক মানুষ এবং কর্মীকে কৃতিত্ব দেওয়া উচিত।’

Scroll to Top