ভারতের জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লাহকে হত্যার চেষ্টা করা হয়েছে। তবে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন তিনি। ১১ র্মাচ বুধবার রাতে জম্মু-কাশ্মীরের জম্মু শহরের গ্রেটার কৈলাস এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে এই ঘটনা ঘটে। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জম্মু-কাশ্মীরের উপমুখ্যমন্ত্রী সুরিন্দর চৌধুরীও।
এনডিটিভিসহ ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, জেড প্লাস নিরাপত্তা থাকা সত্ত্বেও হামলাকারী কমল সিং জামওয়াল কয়েক হাত দূরত্বে পৌঁছে গুলি চালায়। তবে নিরাপত্তায় থাকা এক কমান্ডো দ্রুত তাকে ধাক্কা দিলে গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয় এবং অক্ষত থাকেন ফারুক আবদুল্লাহ।
পুলিশ জানায়, অনুষ্ঠানে উপস্থিত অবস্থায় হঠাৎ এক ব্যক্তি ফারুক আবদুল্লাহকে লক্ষ্য করে গুলি চালায়। তবে তিনি সামান্য ঝুঁকে পড়ায় গুলি লক্ষ্যভ্রষ্ট হয় এবং অল্পের জন্য প্রাণে বেঁচে যান। ঘটনাস্থল থেকেই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তি কমল সিং জামওয়াল। তার বয়স ৬৩ বছর। জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, প্রায় ২০ বছর ধরে তিনি ফারুক আবদুল্লাহকে হত্যার চেষ্টা করছিলেন এবং এটি ছিল তার ব্যক্তিগত পরিকল্পনা। তিনি আরও দাবি করেছেন, ব্যবহৃত অস্ত্রটি তার নিজের এবং সেটি লাইসেন্সপ্রাপ্ত।
জামওয়াল জানান, তিনি জম্মুর বাসিন্দা। পুরাতন জম্মু এলাকায় তার কয়েকটি দোকান রয়েছে এবং সেই দোকানগুলোর ভাড়ার আয়েই তার সংসার চলে।
ঘটনার একটি সিসিটিভি ফুটেজও সামনে এসেছে। সেখানে দেখা যায়, ফারুক আবদুল্লাহর ঠিক পেছনে দাঁড়িয়ে ছিলেন জামওয়াল। হঠাৎ সামনে এগিয়ে এসে খুব কাছ থেকে বন্দুক তাক করে গুলি চালান তিনি। তবে বন্দুকের নল ফারুক আবদুল্লাহর ঘাড়ে লাগতেই তিনি সামনের দিকে ঝুঁকে পড়েন। ফলে গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয় এবং তিনি প্রাণে বেঁচে যান।







