ঢাকা, ১৩ মার্চ – বাংলাদেশ প্রিমিয়ার লিগের শেষ আসরে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে দুর্দান্ত বোলিংয়ের স্বীকৃতি পেলেন তাসকিন আহমেদ। দুর্বার রাজশাহীর হয়ে মাত্র ১৯ রানে ৭ উইকেট শিকার করে বিপিএল ইতিহাসের সেরা বোলিং ফিগার গড়েছিলেন এই ডানহাতি পেসার।
প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দেওয়ার সেই অসামান্য কীর্তির জন্য ২০২৫ সালের পুরুষ টি টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগের সেরা বোলিং পারফরম্যান্সের ইএসপিএনক্রিকইনফো অ্যাওয়ার্ড জিতেছেন তিনি। নতুন বলে শুরুর আঘাতের পর ডেথ ওভারে বিধ্বংসী বোলিং করে এই সাত উইকেট তুলে নেন তিনি।
তাসকিনের পাশাপাশি এই পুরস্কার জিতেছেন আরও কয়েকজন তারকা ক্রিকেটার। পার্থ টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে ৫৮ রানে ৭ উইকেট নিয়ে সেরা টেস্ট বোলিং পারফরম্যান্সের স্বীকৃতি পেয়েছেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক। ভারতের স্পিনার কুলদীপ যাদব এবং রহস্য স্পিনার বরুণ চক্রবর্তী যথাক্রমে সেরা টি টোয়েন্টি ও ওয়ানডে বোলিং পারফরম্যান্সের পুরস্কার নিজেদের করে নিয়েছেন। টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৩৬ রানের দুর্দান্ত ইনিংস খেলে সেরা ব্যাটিং পারফরম্যান্সের পুরস্কার জিতেছেন দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করাম।
বর্ষসেরা পুরুষ অধিনায়ক নির্বাচিত হয়েছেন দক্ষিণ আফ্রিকার টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ী অধিনায়ক টেম্বা বাভুমা এবং বর্ষসেরা নারী অধিনায়ক হয়েছেন ভারতের বিশ্বকাপ জয়ী হারমানপ্রীত কৌর।
এনএন/ ১৩ মার্চ ২০২৬







