কাবুল, ১১ মার্চ – আঞ্চলিক অস্থিতিশীলতা এবং ভ্রমণ সংক্রান্ত জটিলতার কারণে আফগানিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার নির্ধারিত দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজটি স্থগিত করা হয়েছে।
আফগানিস্তান ক্রিকেট বোর্ড এক বিবৃতির মাধ্যমে জানিয়েছে যে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাওয়া এই সিরিজটি এখন ২০২৬ সালের শেষ দিকে আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। আগামী ১৩ মার্চ থেকে এই সিরিজটি মাঠে গড়ানোর কথা ছিল।
ছয় ম্যাচের এই সাদা বলের সিরিজে তিনটি টি টোয়েন্টি এবং তিনটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের সূচি নির্ধারিত ছিল। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী তিনটি টি টোয়েন্টি ম্যাচ শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ১৩, ১৫ ও ১৭ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
এরপর তিনটি একদিনের ম্যাচ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ২০, ২২ ও ২৫ মার্চ আয়োজনের পরিকল্পনা ছিল। সিরিজটি আয়োজনের জন্য প্রয়োজনীয় অনুমোদন পাওয়ার পর এমিরেটস ক্রিকেট বোর্ডের সহায়তায় শারজাহ ও দুবাই এই দুই ভেন্যুতেই সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল।
তবে মার্চের শুরুতে অপ্রত্যাশিত কিছু পরিস্থিতির কারণে অংশগ্রহণকারী দলগুলোর যাতায়াত এবং সিরিজ পরিচালনায় লজিস্টিক জটিলতা তৈরি হয়। এমন পরিস্থিতিতে আফগানিস্তান ক্রিকেট বোর্ড সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে একাধিকবার বৈঠকে বসে। এসব আলোচনায় এমিরেটস ক্রিকেট বোর্ড এবং দুই ভেন্যুর দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষও অংশগ্রহণ করে। শুরুতে পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করে সিরিজ চালিয়ে যাওয়ার সম্ভাবনা খতিয়ে দেখা হয়।
কিন্তু শেষ পর্যন্ত বিদ্যমান সমস্যাগুলোর কোনো কার্যকর সমাধান না হওয়ায় সিরিজটি আপাতত স্থগিত করার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। আফগানিস্তান ক্রিকেট বোর্ড আরও জানিয়েছে যে নতুন সূচি অনুযায়ী সিরিজটি আয়োজনের ক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাতকেই অগ্রাধিকার দেওয়া হবে।
দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে পরবর্তীতে নতুন সময়সূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
এ এম/ ১১ মার্চ ২০২৬







