মুম্বাই, ১০ মার্চ – জনপ্রিয় বলিউড ফ্র্যাঞ্চাইজি ওয়েলকাম এর চতুর্থ কিস্তির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালা। এই কমেডি ঘরানার সিনেমার নতুন পর্বে দর্শকদের জন্য নানা চমক অপেক্ষা করছে। বর্তমানে সিনেমাটির চিত্রনাট্যের কাজ চলছে এবং খুব দ্রুত কাস্টিং চূড়ান্ত করা হবে বলে জানা গেছে। ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রযোজক জানান, ওয়েলকাম ফোর সিনেমাটি বিশাল পরিসরে নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে।
এই কিস্তিতে উদয় ভাই, মজনু ভাই এবং ডক্টর ঘুঙরুর মতো কালজয়ী চরিত্রগুলোর পাশাপাশি বেশ কয়েকজন নতুন খলনায়ককে দেখা যাবে। সিনেমার গান ও অ্যাকশন দৃশ্যে আন্তর্জাতিক মান বজায় রাখতে মধ্যপ্রাচ্য, আফ্রিকা, যুক্তরাষ্ট্র ও চীনসহ বিভিন্ন দেশের সংগীতশিল্পীদের যুক্ত করার প্রক্রিয়া চলছে। প্রযোজকের দাবি, এই সিনেমার ব্যাপ্তি দর্শকদের জন্য এক নতুন অভিজ্ঞতা হবে। অন্যদিকে, ফ্র্যাঞ্চাইজিটির তৃতীয় কিস্তি ওয়েলকাম টু দ্য জঙ্গল এর মুক্তি পিছিয়ে যাওয়ার গুঞ্জনটি পুরোপুরি নাকচ করে দিয়েছেন নাদিয়াদওয়ালা।
তিনি নিশ্চিত করেছেন যে, সিনেমাটির শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে এবং এটি মুক্তির জন্য প্রস্তুত। বিশাল বাজেটের এই সিনেমায় শত শত ঘোড়া ও সামরিক হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে। এছাড়া দুবাইয়ে একটি গানের শুটিংয়ে প্রায় ৫৭০ কোটি টাকা মূল্যের বিলাসবহুল গাড়ি ব্যবহৃত হয়েছে। তৃতীয় কিস্তিতে অক্ষয় কুমারের সঙ্গে আরশাদ ওয়ারসি, সুনীল শেঠি ও পরেশ রাওয়ালের মতো তারকারা অভিনয় করেছেন। উল্লেখ্য, ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত ওয়েলকাম সিনেমার ব্যাপক সাফল্যের পর ২০১৫ সালে এর দ্বিতীয় কিস্তি ওয়েলকাম ব্যাক মুক্তি পেয়েছিল। আনিস বাজমি পরিচালিত প্রথম দুটি পর্বই দর্শকদের কাছে তুমুল জনপ্রিয়তা লাভ করে।
এস এম/ ১০ মার্চ ২০২৬







