ঢাকা, ১০ মার্চ – বাংলাদেশের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণার পর থেকেই আলোচনায় রয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ছয়জন নতুন মুখ নিয়ে এই সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে পাকিস্তান দল। ওয়ানডে দলের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি নিশ্চিত করেছেন যে সিরিজের প্রথম ম্যাচেই তিন তরুণ ক্রিকেটারের অভিষেক হতে যাচ্ছে। বাংলাদেশ সিরিজে পাকিস্তানের দলে সুযোগ পাওয়া ছয় নতুন ক্রিকেটার হলেন সাহিবজাদা ফারহান, আবদুল সামাদ, মাজ সাদাকাত, মুহাম্মদ গাজী ঘোরি, সাদ মাসুদ এবং শামাইল হোসেন।
এদের মধ্যে সাহিবজাদা ফারহান এর আগে কেবল আন্তর্জাতিক টি টোয়েন্টি সংস্করণে মাঠে নেমেছেন। সদ্য শেষ হওয়া টি টোয়েন্টি বিশ্বকাপে তিনি সর্বোচ্চ ৩৮৩ রান সংগ্রহ করেন। এছাড়া শামাইল এবং সাদাকাত ঘরোয়া ক্রিকেটে নিজেদের দুর্দান্ত পারফরম্যান্সের প্রমাণ দিয়েছেন। মিরপুরে ওয়ানডে সিরিজ শুরু হওয়ার আগের দিন আয়োজিত এক সংবাদ সম্মেলনে শাহিন আফ্রিদি এই তিন অভিষিক্ত ক্রিকেটারের নাম ঘোষণা করেন। পাকিস্তান অধিনায়ক জানান প্রথম ম্যাচে সাহিবজাদা ফারহান, মাজ সাদাকাত এবং শামাইল হোসেনের অভিষেক হবে। তিনি বলেন সাহিবজাদা তাদের দলের অন্যতম সেরা পারফর্মার এবং সে লিস্ট এ ক্রিকেটেও দারুণ করেছে।
মাজ সাদাকাতের সঙ্গে সে ইনিংস উদ্বোধনে নামবে এবং শামাইল হোসেন তিন নম্বর পজিশনে ব্যাট করবে। শাহিন আশা প্রকাশ করেন যে এই তরুণেরা নিজেদের সেরা খেলাটা উপহার দেবে এবং দক্ষতা প্রমাণ করবে। তাদের পাকিস্তানের জার্সিতে দেখতে তিনি বেশ রোমাঞ্চিত। এই সিরিজে বাবর আজম, সাইম আইয়ুব এবং ফখর জামানের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা জায়গা পাননি। বিশেষ করে বাবর আজমের বাদ পড়া নিয়ে চারদিকে ব্যাপক আলোচনা চলছে। সবশেষ গত বছরের নভেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে তিনি ওয়ানডেতে সেঞ্চুরি করেছিলেন। বাবর আজমের বিষয়ে শাহিন আফ্রিদি স্পষ্ট করে জানান যে এই সিরিজে তরুণদের সুযোগ দেওয়া মূল লক্ষ্য।
তারা আগামী দিনের তারকা এবং বাংলাদেশের বিপক্ষে তাদের পরখ করে দেখতে চায় দল ব্যবস্থাপনা। সদ্য সমাপ্ত টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান সুপার এইট পর্ব থেকেই বিদায় নিয়েছিল। ২০২৭ সালের অক্টোবর নভেম্বরে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপই তাদের পরবর্তী বড় লক্ষ্য। সেই বিশ্বকাপকে সামনে রেখেই মূলত তরুণ ক্রিকেটারদের তৈরি করা হচ্ছে বলে জানান শাহিন আফ্রিদি। তিনি আরও বলেন সময়ের সঙ্গে সঙ্গে এই তরুণেরা তাদের দায়িত্ব বুঝতে পারবে এবং বিশ্বকাপের জন্য একটি শক্তিশালী দল গঠন করাই তাদের মূল উদ্দেশ্য।
এস এম/ ১০ মার্চ ২০২৬







