হাইপারসনিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে নতুন হামলার দাবি ইরানের – DesheBideshe

হাইপারসনিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে নতুন হামলার দাবি ইরানের – DesheBideshe

তেহরান, ৭ মার্চ – ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস বা আইআরজিসি তাদের সাম্প্রতিক হামলায় হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের দাবি করেছে। বাহিনীটির পক্ষ থেকে জানানো হয়েছে যে চলমান অভিযানের একটি বিশেষ ধাপে মার্কিন সামরিক ঘাঁটি ও সহায়তা কেন্দ্রগুলোকে লক্ষ্য করে এই ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।

আইআরজিসির বিবৃতির বরাতে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে এই হামলায় ফাতাহ নামের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এবং এমাদ নামক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।

হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সাধারণত শব্দের গতির চেয়ে পাঁচ গুণ বেশি দ্রুত চলতে সক্ষম এবং এটি ঘণ্টায় প্রায় ছয় হাজার ১৭৪ কিলোমিটার গতিতে আঘাত হানতে পারে। এদিকে সংযুক্ত আরব আমিরাতের আল-ধাফরা বিমানঘাঁটিতেও ড্রোন হামলার দাবি করেছে তেহরান।

ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয় ওই হামলায় মার্কিন স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র ও রাডার ব্যবস্থার ক্ষতি হয়েছে।

তবে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা তাৎক্ষণিকভাবে এই দাবির সত্যতা যাচাই করতে পারেনি এবং এ বিষয়ে আরব আমিরাতের পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এনএন/ ৭ মার্চ ২০২৬



Scroll to Top