পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের টিকিট মূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বনিম্ন ২০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ২ হাজার টাকার টিকিটে দর্শকরা সরাসরি মাঠে বসে খেলা উপভোগ করতে পারবেন। টিকিট শুধুমাত্র অনলাইনের মাধ্যমে কেনা যাবে এবং ইতোমধ্যে বিক্রি শুরুও হয়েছে।
সবচেয়ে কম দামের টিকিট রাখা হয়েছে ইস্টার্ন গ্যালারিতে, যার মূল্য ২০০ টাকা। শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ও নর্দান গ্যালারির টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ৪০০ টাকা। এছাড়া ক্লাব হাউস সাউথ (শহীদ মুশতাক স্ট্যান্ড) এবং ক্লাব হাউস নর্থ (শহীদ জুয়েল স্ট্যান্ড) গ্যালারিতে বসে খেলা দেখতে দর্শকদের গুনতে হবে ৬০০ টাকা।
এর বাইরে আন্তর্জাতিক গ্যালারি নর্থ (মিডিয়া ব্লক) ও আন্তর্জাতিক গ্যালারি সাউথ (করপোরেট ব্লক) এর টিকিটের মূল্য রাখা হয়েছে ১,০০০ টাকা। আন্তর্জাতিক লাউঞ্জ সাউথে বসে ম্যাচ উপভোগ করতে হলে খরচ করতে হবে ১,২০০ টাকা।
সবচেয়ে বেশি দামের টিকিট রাখা হয়েছে গ্র্যান্ড স্ট্যান্ডে। এই গ্যালারিতে বসে ম্যাচ দেখতে দর্শকদের খরচ করতে হবে ২ হাজার টাকা। আগ্রহী দর্শকরা বিসিবির নির্ধারিত ওয়েবসাইট থেকে অনলাইনে টিকিট সংগ্রহ করতে পারবেন।
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী ১১ মার্চ। সিরিজের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৩ ও ১৫ মার্চ। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে ঢাকার শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।



