আহমেদাবাদ, ৬ মার্চ – টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল শেষে টুর্নামেন্টের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ‘প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট’-এর জন্য মনোনীত ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এবারের তালিকায় জায়গা পেয়েছেন বিভিন্ন দেশের মোট আটজন ক্রিকেটার। এদিকে সেমিফাইনালে নাটকীয় লড়াইয়ে ইংল্যান্ডকে সাত রানে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে ভারত। আগামী রবিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনালে মুখোমুখি হবে টিম ইন্ডিয়া।
আইসিসির ‘প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট’-এর মনোনীতদের তালিকায় বেশ শক্ত অবস্থানে রয়েছেন ইংল্যান্ডের অলরাউন্ডার উইল জ্যাকস। বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে তিনি চারবার ম্যাচসেরা হয়েছেন। পুরো টুর্নামেন্টে ব্যাট হাতে ২২৬ রান করার পাশাপাশি বল হাতে ৯টি উইকেট নিয়েছেন তিনি। তালিকায় জায়গা পেয়েছেন দক্ষিণ আফ্রিকার পেসার লুঙ্গি এনগিদি। তার বৈচিত্র্যময় স্লোয়ার ডেলিভারি প্রতিপক্ষ ব্যাটারদের জন্য কঠিন হয়ে উঠেছিল। সাত ম্যাচে তিনি ১২ উইকেট শিকার করেছেন।
প্রোটিয়াদের অধিনায়ক এইডেন মারক্রামও আছেন এই তালিকায়। আট ম্যাচে ২৮৬ রান করে তিনি ফাইনালের আগে টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ রানসংগ্রাহক ছিলেন এবং তার নেতৃত্বে দল সেমিফাইনাল পর্যন্ত অপরাজিত ছিল। এছাড়া টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক সাহিবজাদা ফারহান এবং সর্বোচ্চ উইকেট শিকারি শ্যাডলি ভ্যান স্কালকউইকও পুরস্কারের দৌড়ে রয়েছেন। ফাইনালিস্ট নিউজিল্যান্ডের দুই ক্রিকেটার টিম শেইফার্ড এবং রাচিন রবীন্দ্র মনোনীত হয়েছেন। কিউইদের ফাইনালে তোলার পেছনে তাদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। অন্যদিকে আরেক ফাইনালিস্ট ভারতের হয়ে তালিকায় জায়গা পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটার সঞ্জু স্যামসন। টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ সময়ে টানা দুটি অর্ধশতক করে দলকে ফাইনালে তুলতে বড় ভূমিকা রাখেন তিনি।
এস এম/ ৬ মার্চ ২০২৬





